
প্রিন্ট এর তারিখঃ জুন ১৮, ২০২৬, ১০:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৭, ২০২৫, ৭:৫৬ পি.এম
কোয়ান্টাম কসমো কলেজের শতভাগ সাফল্য

বান্দরবানের লামায় অবস্থিত কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ টানা সপ্তমবারের মতো এইচএসসি পরীক্ষার ফলাফলে জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করে এক নতুন মাইলফলক স্থাপন করেছে। বান্দরবান জেলায় এবার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ১৪টি কলেজের মধ্যে একমাত্র কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ শতভাগ পাশের গৌরব অর্জন করেছে।চট্টগ্রাম শিক্ষাবোর্ডের আওতাধীন ২৮১টি কলেজের মধ্যে মাত্র ৭টি কলেজ শতভাগ পাশ করে। এই শতভাগ উত্তীর্ণ কলেজগুলোর মধ্যে শিক্ষার্থী সংখ্যার ভিত্তিতে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের অবস্থান চতুর্থ।এ বছর কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ থেকে মোট ৬২ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে মোট পরীক্ষার্থীর ৫০ শতাংশ (৩১ জন) শিক্ষার্থী জিপিএ-৫ (এ প্লাস) লাভ করেছে এবং বাকি ৫০ শতাংশ (৩১ জন) শিক্ষার্থী পেয়েছে ‘এ’ গ্রেড। অর্থাৎ, কোনো শিক্ষার্থীই ‘এ’ গ্রেডের নিচে পায়নি।বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়, বিজ্ঞান বিভাগ থেকে ১২ জন শিক্ষার্থী জিপিএ-৫.০০ (এ প্লাস) এবং ১ জন ‘এ’ গ্রেড পেয়েছে। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১১ জন শিক্ষার্থী ‘এ প্লাস’ ও ১১ জন ‘এ’ গ্রেড অর্জন করেছে। মানবিক বিভাগ থেকে ৮ জন শিক্ষার্থী ‘এ প্লাস’ এবং ১৯ জন ‘এ’ গ্রেড পেয়েছে।
এই ঈর্ষণীয় সাফল্যের প্রসঙ্গে কোয়ান্টাম শিক্ষাসেবা কার্যক্রমের ইনচার্জ ছালেহ আহমেদ বলেন, “এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ধ্যান, শুদ্ধাচার ও জীবনযাপনের বিজ্ঞান অনুশীলনের মধ্য দিয়ে ধাপে ধাপে অগ্রসর হচ্ছে মানবিক ও সমমর্মী দক্ষ বিশ্ব নাগরিক হওয়ার পথে, এটাই তাদের জীবনের অন্যতম লক্ষ্য।”পার্বত্য চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ ইতোমধ্যেই শিক্ষার মান ও ফলাফলের দিক থেকে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। প্রতিষ্ঠানটি থেকে এ পর্যন্ত আড়াই শতাধিক শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ লাভ করেছে। এই সাফল্য নিঃসন্দেহে বান্দরবানের লামায় হাজারো ছেলের আলোকিত ভবিষ্যতের ইঙ্গিত বহন করছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত