
পিরোজপুর অফিস ও ইন্দুরকানী প্রতিনিধি:: পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর ইউনিয়নের কলারন ৮নম্বর ওয়ার্ডে একটি বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে শনিবার (১৩ ডিসেম্বর) ইন্দুরকানী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী মো. মিজানুর রহমান পেশায় একজন ডেন্টাল চিকিৎসক। তিনি বর্তমানে ঢাকার দনিয়া এলাকায় অবস্থিত ফেয়ার ডেন্টাল সার্জারিতে কর্মরত রয়েছেন এবং স্বপরিবারে ঢাকায় বসবাস করছেন। বাড়িতে না থাকায় বসতঘরের চাবি দেখাশোনার দায়িত্ব তিনি তার বোনজামাতা মো. শাহ আলম মাঝীর কাছে রেখে যান। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২ ডিসেম্বর সকাল আনুমানিক ১০টার দিকে মো. শাহ আলম মাঝী একটি পাতিল আনতে বসতঘরে গিয়ে সবকিছু স্বাভাবিক অবস্থায় দেখতে পান। পরবর্তীতে গত ১০ ডিসেম্বর সকাল আনুমানিক ১১টার দিকে তিনি ভুক্তভোগীর ভাতিজা মাহিন হোসেনকে সঙ্গে নিয়ে ঘরটি দেখতে গেলে দরজা খোলা এবং ঘরের ভেতরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে মোবাইল ফোনে মো. মিজানুর রহমানকে জানানো হয়। খবর পেয়ে শনিবার (১৩ ডিসেম্বর) মো. মিজানুর রহমান নিজে বাড়িতে এসে দেখতে পান, অজ্ঞাতনামা চোর বা চোরেরা বাথরুমের ভেন্টিলেটর ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে বিভিন্ন মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে। ধারণা করা হচ্ছে, ২ ডিসেম্বর সকাল থেকে ১০ ডিসেম্বর সকালের মধ্যবর্তী কোনো এক সময়ে চুরির ঘটনাটি সংঘটিত হয়েছে। চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে, একটি পানির মোটর, ২৪ ইঞ্চির একটি এলইডি টিভি, গ্যাসের চুলা ও সিলিন্ডার, একটি এয়ার কুলার, চারটি চার্জার লাইট, একটি টেবিল ফ্যান, দুটি ডিনার সেট, পাঁচটি কম্বল, সাতটি বিছানার চাদর, চারটি মশারি, নয়টি এসএস টেপ কল, দশটি বাল্ব, পাঁচটি পুরাতন মোবাইল ফোন, এসএ ও বিএস পর্চা এবং জমির দলিলসহ গুরুত্বপূর্ণ কাগজপত্রের চারটি ফাইল, একটি মাটির ব্যাংক, সাতটি পাতিল, চারটি পুরাতন কাসা প্লেট, দুটি কাসার কলসি, একটি কাসার বাটি এবং প্রায় ২৪ ফুট এসএস পাইপ। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী মো. মিজানুর রহমান বলেন, বাড়িতে না থাকায় আমার বোনজামাতা দেখাশোনা করতেন। খবর পেয়ে এসে দেখি ঘরের পিছনের ভেন্টিলেটর ভেঙে গুরুত্বপূর্ণ দলিলপত্রসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই। এ বিষয়ে ইন্দুরকানী থানার পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। চোরদের শনাক্ত ও চুরি হওয়া মালামাল উদ্ধারে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত