
প্রিন্ট এর তারিখঃ মে ৩১, ২০২৬, ৭:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ১০:২৪ পি.এম
গভীর রাতে প্রবাসীর বাড়ির অর্ধশতাধিক ফলজ গাছ কর্তনের অভিযোগ

দক্ষিণাঞ্চল প্রতিবেদক :: বরগুনার পাথরঘাটা উপজেলায় গভীর রাতে এক প্রবাসীর বসতবাড়ির চারপাশে রোপণ করা বিভিন্ন প্রজাতির প্রায় দুই শতাধিক ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের তালুকের চরদুয়ানী গ্রামে। ভুক্তভোগী প্রবাসীর নাম শহিদুল ইসলাম। তিনি দুবাই প্রবাসী এবং পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের ঘোষের টিকিকাটা গ্রামের বাসিন্দা প্রয়াত/তৈয়ব আলী হাওলাদারের ছেলে এবং সাংবাদিক নাসির উদ্দিনের বড় ভাই। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে শহিদুল ইসলাম পাথরঘাটা উপজেলার তালুকের চরদুয়ানী গ্রামে বসবাসের উদ্দেশ্যে একটি বাড়ি নির্মাণ করেন। বাড়ির আঙিনা ও সামনের পুকুরপাড়ে তিনি সুপারি, নারিকেল, আমসহ বিভিন্ন প্রজাতির ফলজ গাছ রোপণ করেন। বর্তমানে বাড়িতে তার স্ত্রী ফাতিমা বেগম ও পিতা বসবাস করছেন। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মঙ্গলবার দিবাগত গভীর রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বাড়ির সামনের পুকুরের চারপাশে থাকা প্রায় দুই শতাধিক ফলজ গাছ কেটে ফেলে। এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন প্রবাসীর স্ত্রী ফাতিমা বেগম। তিনি জানান, সকালে ঘুম থেকে উঠে দেখি পুকুরপাড়ের সব গাছ কাটা। পরে স্থানীয়দের খবর দিই। সম্ভাব্য শত্রুতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কিছু বিরোধ রয়েছে, তবে তদন্তের স্বার্থে এখনই কারও নাম বলতে চাই না। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা জানান, এর আগেও এই এলাকায় বিভিন্ন ধরনের অপরাধমূলক ঘটনা ঘটেছে। ফলে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান ভুক্তভোগী পরিবার। খবর পেয়ে পাথরঘাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মংচেনলা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত