
প্রিন্ট এর তারিখঃ জুন ১৯, ২০২৬, ৯:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১০, ২০২৬, ৪:০৪ পি.এম
ট্রলার ডুবিতে দুই জেলের মরদেহ উদ্ধার

শ.ম.গফুর,কক্সবাজার: কক্সবাজারের কুতুবদিয়ায় সাগরে মাছ ধরতে গিয়ে ফিশিং ট্রলার ডুবিতে নিখোঁজ দুই জেলের মরদেহ করেছে।এখনও এক কিশোর জেলে নিখোঁজ রয়েছে।বৃহস্পতিবার মধ্যরাতে কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় ফিশিং ট্রলার ডুবে নিখোঁজ ৩জনের মধ্যে ২জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত জেলেরা হলেন, কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের অমজাখালী এলাকার জশির আলমের ছেলে ও ট্রলারের মাঝি এহেছান (২৫) এবং আলী আকবর ডেইল এলাকার বাসিন্দা লেড়ু। এখনও নিখোঁজ রয়েছে একই এলাকার মাহমুদুল করিমের ছেলে কিশোর জেলে মো. ফয়সাল (১২)।স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টার দিকে বড়ঘোপ ইউনিয়নের আমজাখালী এলাকার কামাল কোম্পানির মালিকানাধীন একটি ফিশিং ট্রলার সাগরে মাছ ধরার সময় দুর্ঘটনার কবলে পড়ে। একপর্যায়ে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে মাঝি-মাল্লাসহ ১১ জন জেলে ছিলেন।
দুর্ঘটনার পর ৮ জেলেকে আহত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও ৩জন নিখোঁজ ছিলেন। নিখোঁজদের উদ্ধারে স্থানীয় জেলে ও স্বজনরা তাৎক্ষণিকভাবে তল্লাশি শুরু করেন। পরে ভোরে নিখোঁজ ৩জনের মধ্যে ২জনের মরদেহ উদ্ধার করা হয়। তবে কিশোর জেলে মো. ফয়সালের এখনও কোনো সন্ধান পাওয়া যায়নি।
ট্রলারটির মালিক মো. কামাল সওদাগর জানান, তার মালিকানাধীন ট্রলারটি নিয়মিত মাছ ধরতে সাগরে যায়। দুর্ঘটনার সময় কীভাবে ট্রলারটি ডুবে গেছে, সে বিষয়ে বিস্তারিত এখনও জানতে পারেননি। নিখোঁজ কিশোর জেলেকে উদ্ধারের জন্য তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বলেন, ফিশিং ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় ২জেলের মরদেহ উদ্ধারের খবর পেয়েছি। একজন কিশোর জেলে এখনও নিখোঁজ রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে এবং উদ্ধার তৎপরতার খোঁজখবর রাখা হচ্ছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত