
প্রিন্ট এর তারিখঃ জুন ১৯, ২০২৬, ৮:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২০, ২০২৬, ৬:০৩ পি.এম
রাজশাহী-২ আসনে এলডিপি প্রার্থীর সরে দাঁড়ানো
![]()
অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে রাজশাহী-২ আসন থেকে লেবার ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মনোনীত প্রার্থী ওয়াহিদুজ্জামান আনুষ্ঠানিকভাবে তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেছেন। দলীয় উচ্চপর্যায়ের সিদ্ধান্ত এবং রাজনৈতিক জোটের কৌশলের অংশ হিসেবেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে তিনি রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থিত নির্বাচন সেলে উপস্থিত হয়ে প্রার্থিতা প্রত্যাহারের প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়সীমার মধ্যেই তিনি বিধি অনুযায়ী তাঁর আবেদন দাখিল করেন, যা গ্রহণ করা হয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। একই দিনে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেবেন।
এদিকে প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ায় রাজশাহী-২ আসনসহ জেলার অন্যান্য সংসদীয় আসনগুলোতে শেষ পর্যন্ত কোন কোন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন—তা নিয়ে ভোটারদের মধ্যে বাড়ছে কৌতূহল ও আগ্রহ। উল্লেখ্য, মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারিত ছিল।
প্রার্থিতা প্রত্যাহারের মধ্য দিয়ে রাজশাহী-২ আসনের নির্বাচনী সমীকরণে পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এখন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের অপেক্ষায় স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ ভোটাররা।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত