
প্রিন্ট এর তারিখঃ জুন ১৮, ২০২৬, ১২:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৬, ২০২৬, ২:০১ পি.এম
ফুলবাড়ীতে ২৪ শিক্ষার্থীর হাতে বাইসাইকেল
![]()
জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় স্কুলগামী ছাত্রীদের নিরাপদ ও সহজ যাতায়াত নিশ্চিত করতে ২৪ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি বাড়াতে এ উদ্যোগকে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাইসাইকেলগুলো তুলে দেওয়া হয়। সলিডারিডি ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ফুলবাড়ী, ভাঙ্গামোড় ও কাশিপুর ইউনিয়নের সমন্বয়ে সাবেক ছিটমহল দাসিয়ারছড়ার তিনটি বিদ্যালয়ে অধ্যয়নরত ২৪ জন ছাত্রীর হাতে ২৪টি বাইসাইকেল তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতার। বিশেষ অতিথি ছিলেন সলিডারিডির নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ লাল। এছাড়াও ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ হারুনসহ তিনটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের জন্য সহায়ক ভূমিকা
বক্তারা বলেন, প্রত্যন্ত ও সাবেক ছিটমহল এলাকার অনেক শিক্ষার্থীকে প্রতিদিন কয়েক কিলোমিটার পথ হেঁটে বিদ্যালয়ে যেতে হয়। এতে সময় ও শ্রমের অপচয়ের পাশাপাশি নিরাপত্তাজনিত ঝুঁকিও তৈরি হয়। বাইসাইকেল পাওয়ার মাধ্যমে শিক্ষার্থীরা দ্রুত ও নিরাপদে বিদ্যালয়ে পৌঁছাতে পারবে, ফলে তাদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে এবং ঝরে পড়ার হার কমবে বলে আশা প্রকাশ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, শিক্ষার প্রসারে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে সুবিধাবঞ্চিত ও দূরবর্তী এলাকার ছাত্রীদের জন্য এটি কার্যকর সহায়ক পদক্ষেপ। তিনি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থেকে মনোযোগ সহকারে পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
বাইসাইকেল পেয়ে আনন্দ প্রকাশ করে শিক্ষার্থীরা জানায়, এখন থেকে তাদের বিদ্যালয়ে যাতায়াত অনেক সহজ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় হবে। অভিভাবকরাও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয় সচেতন মহলের মতে, এ ধরনের সহায়তা নারী শিক্ষার প্রসার, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সামগ্রিক সামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত