
প্রিন্ট এর তারিখঃ মে ২৬, ২০২৬, ১২:০০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৫, ২০২৬, ৪:৪৬ পি.এম
ঝালকাঠির নলছিটিতে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

মাহবুব তালুকদার, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় প্রতিপক্ষের হামলায় মিলন হাওলাদার (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম।
নিহত মিলন হাওলাদার উপজেলার পৌর এলাকার শংকরপাশা গ্রামের সেলিম হাওলাদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৪ মার্চ) দুপুরে বসতঘরে বিদ্যুৎ সংযোগ নিয়ে মিলন হাওলাদারের সঙ্গে প্রতিবেশী বেলাল হাওলাদারের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেলাল হাওলাদার ও তার মেয়ে ইতি আক্তার আহত হন। অভিযোগ রয়েছে, এ সময় বেলাল হাওলাদারের বসতঘরেও ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় বেলাল হাওলাদার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এর জেরে পরবর্তীতে দুই পক্ষের মধ্যে পুনরায় উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সংঘর্ষের এক পর্যায়ে বেলাল হাওলাদার ও তার স্বজনদের পাল্টা হামলায় মিলন হাওলাদার গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম) হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওসি আরিফুল আলম জানান, নিহত মিলন হাওলাদারের নামে থানায় একাধিক মামলা রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত