
প্রিন্ট এর তারিখঃ মে ১৯, ২০২৬, ৪:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৫, ২০২৬, ১১:১২ এ.এম
চিলমারীতে শ্রেষ্ঠ শিক্ষকের সম্মাননা পেলেন শিক্ষক নুরনবী

চিলমারী, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিনের অবদান, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তোলা এবং সৃজনশীল শিক্ষা কার্যক্রম পরিচালনার স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ শিক্ষকের সম্মাননা পেয়েছেন শিক্ষক মোঃ নুরনবী মিয়া।
জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে শ্রেষ্ঠ শিক্ষকের সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়। তিনি উপজেলার শরীফেরহাট মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
সম্প্রতি চিলমারী উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটির আয়োজনে অনুষ্ঠিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মোঃ আব্দুল ওয়াহিদ। এছাড়াও উপস্থিত ছিলেন রাজারভিটা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মিনহাজুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষক নুরনবী দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষকতা করে আসছেন। তিনি শুধু পাঠদানেই নয়, শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম, নৈতিক শিক্ষা এবং সৃজনশীল চিন্তাভাবনা বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তার প্রচেষ্টায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষাবিষয়ক প্রতিযোগিতা ও পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এজন্য তাকে ক্রেস্ট, সনদপত্র ও ফুলেল শুভেচ্ছা দিয়ে সম্মাননা জানানো হয়।
সম্মাননা গ্রহণ করে শিক্ষক নুরনবী মিয়া বলেন, স্বচ্ছ বিচার প্রক্রিয়ার মাধ্যমে আমাকে নির্বাচিত করায় বিচারক প্যানেলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই সম্মাননা শুধু আমার একার নয়; এটি আমার সহকর্মী, শিক্ষার্থী ও বিদ্যালয় পরিবারের সবার। ভবিষ্যতেও শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।
উল্লেখ্য, প্রতিবছর শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখা শিক্ষকদের উৎসাহিত করতে এ ধরনের সম্মাননা প্রদান করা হয়। সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষকদের কাজের প্রতি আগ্রহ ও দায়িত্ববোধ আরও বৃদ্ধি করে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত