
প্রিন্ট এর তারিখঃ মে ২৬, ২০২৬, ৩:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩০, ২০২৬, ২:২৮ পি.এম
কিশোর গ্যাংয়ের রাতভর সংঘর্ষ, ঘরবাড়ি ভাঙচুর ও আহত-৫

গাউছ-উর রহমান,মাদারীপুর: মাদারীপুর পৌর শহরের থানতলী ও পাকদী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে দফায় দফায় রাতভর ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
গতরাত অর্থাৎ রোববার (২৯ মার্চ) সন্ধ্যা থেকে শুরু হওয়া এই সংঘর্ষ আজ সোমবার ভোররাত পর্যন্ত চলে। সংঘর্ষ চলাকালে শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে অন্তত ১৫টি বসতঘর ভাঙচুর করা হয়েছে এবং আহত হয়েছেন ৫ জন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুরে শহরের প্লানেট কমিউনিটি সেন্টারে ইতালি প্রবাসী মামুনের বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার সূত্রপাত হয়। থানতলী এলাকার আকিব এবং পাকদী এলাকার মঈন মুন্সির মধ্যে এই বিবাদ উপস্থিত অতিথিরা তাৎক্ষণিক মীমাংসা করে দিলেও তার জের ধরে রোববার সন্ধ্যায় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। একের পর এক ককটেল বিস্ফোরণের শব্দে রণক্ষেত্রে পরিণত হয় থানতলী এলাকা। রাত ৯টার দিকে পুনরায় সংঘর্ষ শুরু হলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে উত্তেজনা কমেনি। সোমবার ভোররাতে পাকদী এলাকায় অতর্কিত হামলা চালিয়ে ১৫টি বসতঘর ভাঙচুর করা হয়। এ সময় দেশীয় অস্ত্রের মহড়া ও ককটেল বিস্ফোরণে অন্তত ৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত