
প্রিন্ট এর তারিখঃ জুন ৬, ২০২৬, ২:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১, ২০২৬, ২:৩০ পি.এম
শাজাহানপুরে ইউনিয়ন পরিষদের আঙ্গিনায় নষ্ট হচ্ছে ১০-লক্ষাধিক টাকার “সেবা বাহন”

আব্দুল হান্নান,শাজাহানপুর (বগুড়া): গ্রামীণ জনপদের গর্ভবতী মা ও জরুরি রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছানোর জন্য ইউনিয়ন পরিষদে নিজস্ব পরিবহনের ব্যবস্থা করা হয়েছিল।
বিশেষ করে "এলজিএসপি-২ প্রকল্প (২০১৬-২০১৭) অর্থ বছর" এর আওতায় গ্রামীণ জনপদে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে 'সেবা বাহন' নামক অ্যাম্বুলেন্স (পিকআপ ভ্যান) এর ব্যবস্থা করা হয়। সারা দেশের ন্যায় বগুড়ার শাজাহানপুর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদেও ১ লাখ ২৫ থেকে ৩০ হাজার টাকা মূল্যের সেবা বাহনের ব্যবস্থা করা হয়েছিল।
উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদে "সেবা বাহন" নামক অ্যাম্বুলেন্সগুলো যথাযথ রক্ষণাবেক্ষণ ও তদারকির অভাবে পরিষদের আঙ্গিনায় পড়ে থেকে নষ্ট হয়ে গেছে। দীর্ঘদিন ধরে খোলা আকাশের নিচে রোদ-বৃষ্টিতে পড়ে থাকায় গাড়িগুলোর ভিতরে জন্মেছে গাছপালা, টায়ার ফেটে গেছে, ইঞ্জিনে জং ধরেছে এবং কয়েকটি পরিষদে ব্যাটারি ও মূল্যবান যন্ত্রাংশ চুরি বা নষ্ট হয়ে গেছে।
স্থানীয় প্রশাসনের দাবি অনুযায়ী, অ্যাম্বুলেন্সগুলো রক্ষণাবেক্ষণের জন্য নির্দিষ্ট কোনো তহবিল বা চালকের বেতনের ব্যবস্থা না থাকায় সেগুলো ফেলে রাখতে হচ্ছে। অযত্ন, অবহেলায় নষ্ট হচ্ছে সরকারী ১০ লক্ষাধীক টাকার সম্পদ। তবে তারা গাড়ির যন্ত্রাংশ, মূল্যবান ব্যাটারির বিষয়ে কেউই সদুত্তর দিতে পারেন নি। উপজেলার মাঝিড়া ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আলমগীর হোসেন জানান, গাড়িটি পরিত্যক্ত অবস্থায় পরে আছে, ব্যটারীর বিষয়ে কিছু জানা নাই। আমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সেলিম উদ্দিন প্রামাণিক বলেন, আমি পরিষদের দায়িত্বে আসার পর থেকেই এ অবস্থায় দেখছি, গাড়ির ব্যাটারি সম্ভবত খুলে রাখা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাইফুর রহমান বলেন, ভিজিটে গিয়ে গাড়িগুলো পরিত্যক্ত অবস্থায় দেখেছি। উক্ত প্রকল্প চলমান না থাকায় সংশ্লিষ্ট ব্যবস্থা গ্রহণ করতে পারছি না। যেহেতু এটি সরকারি প্রকল্পের কাজ, সেহেতু সরকারি নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত