
প্রিন্ট এর তারিখঃ মে ২০, ২০২৬, ৪:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৯, ২০২৬, ৯:৫৮ এ.এম
শহরের প্রবেশমুখে দৃষ্টিনন্দন ‘ঝালকাঠি চত্বর’ উদ্বোধন

আবু জাফর বিশ্বাস,ঝালকাঠি: ঝালকাঠি শহরের প্রবেশদ্বারে নির্মিত দৃষ্টিনন্দন ‘ঝালকাঠি চত্বর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকালে ফিতা কেটে চত্বরটির উদ্বোধন করেন ঝালকাঠি পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন।
পৌরসভার উদ্যোগে নির্মিত এ চত্বরটি ইতোমধ্যে স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। উদ্বোধনের প্রথম দিনেই চত্বরটি দেখতে ভিড় করেন নানা শ্রেণি-পেশার মানুষ। উপস্থিত দর্শনার্থীরা এমন উদ্যোগকে স্বাগত জানান এবং শহরের সৌন্দর্য বৃদ্ধিতে এটিকে গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে অভিহিত করেন।
ঝালকাঠির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে চত্বরটিতে স্থাপন করা হয়েছে মনোমুগ্ধকর ভাস্কর্য। এতে স্থান পেয়েছে জেলার ঐতিহ্যবাহী শীতলপাটির বুনন, পেয়ারার ভাসমান হাট, জেলেদের ইলিশ শিকারের দৃশ্য এবং প্রাচীন জমিদার বাড়ির প্রতিচ্ছবি।
এছাড়া চত্বরজুড়ে সংযোজন করা হয়েছে প্রখ্যাত কবি কামিনী রায় ও জীবনানন্দ দাশ-এর স্মৃতিবিজড়িত কবিতার শিরোনাম, যা চত্বরটির নান্দনিকতাকে আরও সমৃদ্ধ করেছে।
স্থানীয় শিল্পী আতিকুর রহমানের নকশায় প্রায় ১৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ চত্বরের চারপাশে রোপণ করা হয়েছে বিভিন্ন প্রজাতির ফুলের গাছ। দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে আরামদায়ক বসার ব্যবস্থাও।
উদ্বোধনী বক্তব্যে মো. কাওছার হোসেন বলেন, ঝালকাঠি শহরের প্রবেশপথ দিয়ে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন। এতদিন জেলার পরিচয় বহনকারী কোনো দৃশ্যমান নিদর্শন ছিল না। ‘ঝালকাঠি চত্বর’ সেই অভাব পূরণ করেছে। এটি শুধু একটি প্রতীক নয়, বরং ভবিষ্যতে একটি বিনোদনকেন্দ্র হিসেবেও পরিচিতি পাবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত