
প্রিন্ট এর তারিখঃ মে ১৯, ২০২৬, ৭:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৯, ২০২৬, ৫:৫০ পি.এম
জামালপুরে ভূমিসেবা মেলা-২০২৬ এর উদ্বোধন

জামালপুরে ভূমিসেবা মেলা-২০২৬ এর উদ্বোধন
সৈয়দ মুনিরুল হক নোবেল:
ভূমিসেবা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব করতে জামালপুরে শুরু হয়েছে “ভূমিসেবা মেলা-২০২৬”। মঙ্গলবার সারাদেশের সঙ্গে একযোগে জামালপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় জামালপুর সদর সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় প্রাঙ্গণে এ মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা—সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন জামালপুর সদর আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোরশেদা খাতুন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি জামালপুরের উপ-পরিচালক মোহাম্মদ আলম শরীফ খান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামালপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দার।
বক্তারা বলেন, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে সাধারণ মানুষের ভোগান্তি কমানো, সেবা গ্রহণ সহজ করা এবং ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভূমিসেবা মেলার মাধ্যমে জনগণ সরাসরি বিভিন্ন ভূমিসেবা সম্পর্কে জানতে ও তাৎক্ষণিক সেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন।
এসময় ভূমিসেবা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। পরে ভূমিসেবা মেলার স্টলগুলো পরিদর্শন করেন অতিথিবৃন্দ।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত