
প্রিন্ট এর তারিখঃ মে ২৮, ২০২৬, ৩:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২১, ২০২৬, ১২:৪৯ পি.এম
রংপুর সিটি ৮ নম্বর ওয়ার্ডে ভাঙা বাঁশের সাঁকো পরিদর্শনে এমপি রায়হান সিরাজী

রাসেল রানা, বিশেষ প্রতিনিধি: রংপুর সিটি ৮ নম্বর ওয়ার্ডে ভাঙা বাঁশের সাঁকো পরিদর্শনে এমপি রায়হান সিরাজী। রংপুর সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের কামারের দাও কার্তিক এলাকায় দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় রয়েছে দুই গ্রামের মানুষের চলাচলের একমাত্র সংযোগ মাধ্যম একটি বাঁশের সাঁকো। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই সাঁকো দিয়ে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, শ্রমিকসহ শতাধিক মানুষ চলাচল করতেন। সম্প্রতি টানা ঝড় ও ভারী বৃষ্টিপাতের কারণে সাঁকোটি ভেঙে পড়লে পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা।
ভাঙা সাঁকোর কারণে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যেতে অতিরিক্ত পথ ঘুরতে হচ্ছে। অসুস্থ রোগী ও জরুরি প্রয়োজনে চলাচলেও দেখা দিয়েছে ভোগান্তি। দীর্ঘদিন ধরে এলাকাবাসী একটি স্থায়ী সেতুর দাবি জানিয়ে আসলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন স্থানীয়রা।
এ অবস্থায় আজ ঘটনাস্থল পরিদর্শন করেন গঙ্গাচড়া-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী। পরিদর্শনকালে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগের বিষয়টি শোনেন। এসময় তিনি দ্রুত একটি অস্থায়ী বাঁশের সাঁকো নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন, যাতে সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখা যায়।
স্থানীয়রা এমপির এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানান। তাদের আশা, দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে এলাকাবাসীর নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত