
পিরোজপুর অফিস:: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাতবার্ষিকী এবং ১৯৮১ সালের ২১ মে তাঁর পিরোজপুর আগমন স্মরণে দোয়া মাহফিল, বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে পিরোজপুর সদর উপজেলার চলিশা বাজার এলাকায় এ কর্মসূচির আয়োজন করেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। টোনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাঈনুল ইসলাম দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সৌমিত্র সরকার, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. শওকত হোসেন, কলাখালী জিন্নাত আলী মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ মো. হানিফ মল্লিক, তেজদাসকাঠী কলেজের সাবেক অধ্যক্ষ দিলীপ কুমার মিস্ত্রী, সমাজসেবক আব্দুল মান্নান মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তেজদাসকাঠী জামে মসজিদের ইমাম মাওলানা ওলি উল্লাহ। পরে অতিথিরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন এবং সাধারণ মানুষের মাঝে চারা বিতরণ করেন। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ১৯৮১ সালের ২১ মে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাঁর জীবনের শেষ সফরগুলোর একটি হিসেবে পিরোজপুরের চলিশা বাজারে এসেছিলেন। এর মাত্র নয় দিন পর, ৩০ মে তিনি শাহাদাত বরণ করেন। তিনি আরও বলেন, চলিশা বাজারের মানুষের সঙ্গে শহীদ জিয়ার রয়েছে স্মৃতিবিজড়িত সম্পর্ক। ওইদিন সকাল সাড়ে ৯টায় তিনি এখানে একটি খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছিলেন। কর্মসূচি উদ্বোধনের সময় পাওয়ার পাম্প চালু করতে গিয়ে তিনি সামান্য আহতও হয়েছিলেন। দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে তাঁর সেই আত্মত্যাগ ও কর্মপ্রচেষ্টা আজও পিরোজপুরবাসীর হৃদয়ে স্মরণীয় হয়ে আছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত