
প্রিন্ট এর তারিখঃ মে ২৬, ২০২৬, ১:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২২, ২০২৬, ১২:৫১ পি.এম
মঙ্গলবাড়িয়া ‘নিরাপদ লিচু নিশ্চিত করতে জেলা প্রশাসকের নির্দেশ

আরমান হোসেন, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ): পাকুন্দিয়ার ঐতিহ্যবাহী মঙ্গলবাড়িয়ার রসে টুইটম্বুর, ঘ্রাণ আর নজরকাড়া রঙের জন্য প্রসিদ্ধ লিচু। অতুলনীয় এ লিচু দেশের গন্ডি পেরিয়ে পৌঁছে যাচ্ছে বিশ্বের নানা প্রান্তে। প্রায় দুইশ বছরের প্রসিদ্ধ এ লিচুর এখন ভরা মৌসুম শুরু হয়েছে। লিচুর মৌসুমকে ঘিরে গ্রামগুলোতে চলছে উৎসবের আমেজ।
উপজেলা সদর থেকে মাত্র দুই থেকে তিন কিলোমিটার পূর্বে পাশাপাশি ওই চারটি গ্রাম অবস্থিত। লিচুর আবাদ বদলে দিয়েছে এখানকার মানুষের জীবনযাত্রা। লিচু চাষে ভাগ্য ফিরেছে এসব গ্রামের শতশত কৃষকের। কম খরচে লাভ বেশি হওয়ায় লিচু চাষে আগ্রহ বাড়ছে চাষিদের। এসব গ্রামের এখানে-সেখানে ছড়িয়ে-ছিটিয়ে আছে ছোট-বড় অসংখ্য লিচুর গাছ। রাস্তার দুই পাশেও লিচুর বাগান। প্রতিটি গাছে থোকায় থোকায় ঝুলছে গোলাপি রঙের টসটসে লিচু।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেছেন, নিরাপদ লিচু যেন মানুষ পায়, সেটি নিশ্চিত করতে হবে। বাজারজাত প্রক্রিয়া যেন সুন্দর থাকে সেটিও খেয়াল রাখতে হবে। কোনো ভাবেই যেন ক্ষতিকর কোনো কিছু লিচুতে স্প্রে করা না হয় যেটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। লিচুর দাম যাতে অতিরিক্ত না রাখা হয় সেটি আপনার বিবেচনায় রাখবেন।
বৃহস্পতিবার (২১মে) সকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ঐতিহ্যবাহী মঙ্গলবাড়িয়া লিচু বাগান পরিদর্শন শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। লিচু চাষীদের নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করে পাকুন্দিয়া উপজেলা প্রশাসন।
জেলা প্রশাসক আরো বলেন, আমি এখানে এসে আপনাদের সাথে কথা বলে সুযোগ-সুবিধা ও অসুবিধার বিষয়ে জানতে পেরেছি। প্রশাসনের পক্ষ থেকে আপনাদের সব ধরণের সহযোগিতা করা হবে।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাসের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূরে-ই-আলম প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে মঙলবাড়িয়া এলাকার লিচু চাষিসহ নানা শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, প্রায় ২৫০বছরের পুরনো মঙ্গলবাড়িয়ার লিচু স্বাদে, গন্ধে অতুলনীয়। এর খ্যাতি দেশজুড়ে। বিদেশেও যাচ্ছে এখানকার লিচু। উপজেলার মঙ্গলবাড়িয়া, কুমারপুর, হোসেন্দীর একাংশ ও নারান্দী এলাকায় ১২হাজারের মতো লিচু গাছ রয়েছে। এবছর এসব এলাকায় ১০-১২কোটি টাকার লিচু বিক্রির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত