
প্রিন্ট এর তারিখঃ মে ২৬, ২০২৬, ৮:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২২, ২০২৬, ৬:৩০ পি.এম
রাজবাড়ীতে সড়কের কাজের ৩৬ গাড়ি ভিটুমিন চুরি যৌনপল্লীতে আনন্দ ফুর্তি, সকালে তিন চোর জনতার হাতে আটক

রাজবাড়ীর কালুখালীতে গভীর রাতে সড়ক নির্মাণ কাজের বিটুমিন ও গ্রিন অয়েল লুটের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের অভিযোগ, নির্মাণকাজে ব্যবহৃত প্রায় ৩৬ ব্যারেল বিটুমিন ট্রাকে করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নির্মাণ কাজে থাকা কয়েকজন শ্রমিক ও গাড়িচালককে সন্দেহ করা হচ্ছে। রাজবাড়ীর কালুখালী উপজেলার গরিয়ানা এলাকায় এলজিইডির সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। গরিয়ানা পুলিশ বক্স থেকে কালুখালী রুপসা পর্যন্ত প্রায় ২৬৫০ মিটার সড়ক পাকাকরণের এই প্রকল্পে ব্যবহারের জন্য রাস্তার পাশে রাখা হয়েছিল বিটুমিন ও গ্রিন অয়েলসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী।
ভুক্তভোগী ঠিকাদারি প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত প্রায় ১টার দিকে দুর্বৃত্তরা ট্রাকে করে ৩৬ ব্যারেল বিটুমিন নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা। ঠিকাদারের দাবি, নির্মাণ কাজে থাকা কয়েকজন শ্রমিক ও বিটুমিন টানা গাড়ির চালক ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। কারণ ঘটনার রাতে তারা হঠাৎ করেই কালুখালী ছেড়ে ফরিদপুরে চলে যান। শ্রমিকরা জানান, আমরা মাদক খাইতে ফরিদপুর গিয়েছিলাম। বিটুমিন আমরা চুরি করিনি। যদি আমরা চুরির সাথে যুক্ত হয়ে থাকি তাহলে আমাদের গাড়ি আপনারা রেখে দেন। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নির্মাণসামগ্রী চুরির এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রাও। তারা দ্রুত ঘটনার তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।
স্থানীয়রা জানান, সরকারি কাজের মালামাল এভাবে চুরি হওয়া খুবই দুঃখজনক। প্রশাসন যেন দ্রুত ব্যবস্থা নেয়।
ঠিকাদার আব্দুল মাজেদ শেখ জানান, আমাদের প্রায় ৫ লাখ ৮৮ হাজার টাকার ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে কয়েকজন শ্রমিক ও গাড়ির মালিক বিষয়টি স্বীকার করেছে। আমরা স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করছি। সমাধান না হলে থানায় মামলা করব। এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি। তবে বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে সরকারি উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হতে পারে। উন্নয়ন কাজের মাঝপথে এমন চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আড়াল থেকে বের করে আইনের আওতায় আনা হোক।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত