
প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৬, ৭:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৪, ২০২৬, ১২:১৪ পি.এম
ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত বিএনপি নেতা দুলু

জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর এলাকায় এক বিএনপি নেতা ও কথিত সাংবাদিকের বিরুদ্ধে মোটরসাইকেল ছিনতাই, চাঁদাবাজি ও মারধরের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্ত আসাদুল হাবিব দুলু নিজেকে সাংবাদিক পরিচয় দেওয়ার পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ফুলবাড়ী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক এবং জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) ফুলবাড়ী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন বলে জানা গেছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, রাজারহাট উপজেলার মৃত খলিলুর রহমানের ছেলে আমজাদ হোসেন (৩৯) গত মঙ্গলবার (১৯ মে) তার দুই আত্মীয়কে সঙ্গে নিয়ে দুটি মোটরসাইকেলে ভূরুঙ্গামারী এলাকায় বেড়াতে যান। ফেরার পথে সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ফুলবাড়ী থানাধীন কাশিপুর কলেজ মোড় এলাকায় পৌঁছালে স্থানীয় বিএনপি নেতা ও কথিত সাংবাদিক আসাদুল হাবিব দুলু, আজম আলী, আব্দুল জলিলসহ অজ্ঞাতনামা ৪/৫ জন তাদের গতিরোধ করে।
অভিযোগে বলা হয়, এ সময় অভিযুক্তরা ভয়ভীতি দেখিয়ে তাদের কাছে নগদ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে আসাদুল হাবিব দুলু ধারালো চাকু গলায় ধরে ভয় দেখায় এবং আমজাদ হোসেনের সঙ্গে থাকা দুই আত্মীয়কে মারধর করা হয়। পরে তাদের রাস্তার পাশের একটি বাঁশঝাড়ে নিয়ে বেধড়ক মারপিট করা হয়।
একপর্যায়ে ভুক্তভোগীর আত্মীয়রা বিভিন্নভাবে ৩০ হাজার টাকা জোগাড় করে দিলে তাদের একটি মোটরসাইকেলসহ ছেড়ে দেওয়া হয়। তবে আমজাদ হোসেনকে রশি দিয়ে বেঁধে রেখে তার ব্যবহৃত একটি বাজাজ প্লাটিনা মোটরসাইকেল নিয়ে যায় অভিযুক্তরা। পরে গভীর রাতে স্থানীয় এক অজ্ঞাত ব্যক্তির সহায়তায় রশি খুলে সেখান থেকে পালিয়ে যান তিনি।
পরদিন বুধবার (২০ মে) আমজাদ হোসেন পরিবারের সদস্যদের নিয়ে অভিযুক্তের বাড়িতে গিয়ে মোটরসাইকেল উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে ১১টার দিকে কাশিপুর কলেজ মোড় এলাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সামনে উপস্থিত হন তিনি। অভিযোগ রয়েছে, সেখানে পুনরায় তাকে মারধর করে সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয় এবং মোবাইলে ভিডিও ধারণ করে মিথ্যা তথ্য বলতে বাধ্য করা হয়।
এ ঘটনায় ফুলবাড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আপেল মন্ডল বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে আমজাদ হোসেনকে উদ্ধার করেন এবং তার ব্যবহৃত বাজাজ পালসার মোটরসাইকেলটি উদ্ধার করে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
স্থানীয় একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, আসাদুল হাবিব দুলু কয়েক মাস ধরে নিজেকে সাংবাদিক ও বিএনপি নেতা পরিচয় দিয়ে এলাকায় নানা ধরনের অপকর্ম করে আসছেন। বিশেষ করে বহিরাগত লোকজনকে আটকিয়ে টাকা আদায়, ভয়ভীতি প্রদর্শন ও নির্যাতনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার ভয়ে অনেকে মুখ খুলতে সাহস পান না বলেও দাবি করেন তারা।
এ বিষয়ে অভিযুক্ত আসাদুল হাবিব দুলুর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি অভিযোগের বিষয়ে কোনো বক্তব্য না দিয়ে উল্টো হুমকি প্রদান করেন বলে অভিযোগ উঠেছে। তিনি কোন গণমাধ্যমে কর্মরত, সে সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি।
তবে তার বড় ভাই ও কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জানান, মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনার বিষয়ে তিনি শুনেছেন। বিষয়টি পারিবারিকভাবে দেখার পাশাপাশি ভুক্তভোগীকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
ফুলবাড়ী সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি সাংবাদিক এইচ.এম বাবুল বলেন, “আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের কথা শুনেছি। তবে তিনি ফুলবাড়ী উপজেলার কোনো বৈধ প্রেসক্লাবের সদস্য নন এবং কোন গণমাধ্যমে কাজ করেন, সেটিও জানা নেই।”
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত