
প্রিন্ট এর তারিখঃ মে ৩০, ২০২৬, ১০:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৪, ২০২৬, ২:৩০ পি.এম
রামিসা হত্যার প্রতিবাদে পাথরঘাটায় প্রতীকী ফাঁসি ও মানববন্ধন

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার প্রতিবাদ এবং দেশব্যাপী নারী-শিশু নির্যাতন, ধর্ষণ, সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিরুদ্ধে বরগুনার পাথরঘাটায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় ফাঁসির মঞ্চ তৈরি করে প্রতীকী অবস্থান কর্মসূচিও পালন করা হয়।
শনিবার (২৩ মে) সকাল ১০টায় পাথরঘাটা পৌর শহরের গোলচত্বরে জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড ক্লাইমেট অ্যালায়েন্সের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় বেসরকারি উন্নয়ন সংস্থা এনএসএস, সিসিডিবি, প্রত্যয়, পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলন, ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, তারুণ্যের বাংলাদেশ যুব সংস্থা, দৃষ্টি মানবকল্যাণ সংস্থা, লোক মোর্চা, অ্যাকশনএইড বাংলাদেশ, সোনার বাংলা ব্লাড ফাউন্ডেশন, অ্যাক্টিভিস্টা বরগুনাসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।
জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড ক্লাইমেট অ্যালায়েন্সের সভাপতি, সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সমাজকর্মী মেহেদী সিকদার, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন এসমে, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক জাহাঙ্গীর কবির মৃধা, জাকির হোসেন মিরাজ, চিত্ত রঞ্জন শীল এবং পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুসালেহ জসিমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন, শিশু রামিসার মতো নির্মম হত্যাকাণ্ড সমাজে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। এমন নৃশংস ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা যেন দ্রুত আইনের আওতায় আসে এবং দৃষ্টান্তমূলক শাস্তি পায়, সেই দাবি জানান তারা। একই সঙ্গে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত