
প্রিন্ট এর তারিখঃ মে ২৬, ২০২৬, ১:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৫, ২০২৬, ১২:৩৫ পি.এম
নলছিটিতে ট্রলি উল্টে প্রাণহানি,আহত চালক

মাহবুব তালুকদার, নলছিটি (ঝালকাঠি): ঝালকাঠির নলছিটিতে তিন চাকার ট্রলি উল্টে মালিক নিহত ও চালক গুরুতর আহত হয়েছেন। রবিবার (২৪ মে) উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের মানপাশা-খেজুরতলা সড়কের কালিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হানিফ মাঝি (৩৮) বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বাখরকাঠি এলাকার সুলতান মাঝির ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রলিচালক মো. ইমন। তিনি একই উপজেলার চরাদি এলাকার বাসিন্দা। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানপাশা বাজারে তেল খালাস শেষে ট্রলিটি বাখরকাঠির উদ্দেশ্যে ফিরছিল। পথে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি সড়কে উল্টে যায়। এসময় ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন মালিক হানিফ মাঝি। দুর্ঘটনার পর স্থানীয়রা আহত চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত