
প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৬, ৭:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৫, ২০২৬, ১২:৫৭ পি.এম
নলছিটিতে যুবককে কুপিয়ে হত্যা,পুকুরে মিলল নিথর দেহ

মাহবুব তালুকদার, নলছিটি (ঝালকাঠি): ঝালকাঠির নলছিটিতে আমিনুল ইসলাম বাবু (২৭) নামে এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যার পর পুকুরে ফেলে রাখার অভিযোগ উঠেছে। নিখোঁজের একদিন পর রোববার দুপুরে তার মরদেহ উদ্ধারকে ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (২৪ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার কুড়ালিয়া গ্রামের কৃষ্ণকান্ত রায়ের বাড়ির পুকুরে স্থানীয়রা একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহত আমিনুল ইসলাম বাবু উপজেলার নাচনমহল গ্রামের মো. আলমগীর হোসেন তালুকদারের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হন আমিনুল। এরপর রাতভর তার কোনো খোঁজ মেলেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। একদিন পর পাশের গ্রামের একটি পুকুরে তার রক্তাক্ত মরদেহ ভেসে ওঠার খবর এলাকাবাসীকে হতবাক করে দেয়।
পুলিশ জানায়, মরদেহের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যার পর মরদেহ গোপন করতে পুকুরে ফেলে রেখে যায়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আলম বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।”
এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত