
প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৬, ৭:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৫, ২০২৬, ২:৪১ পি.এম
দুই বছর পর পুকুর খুঁড়ে মা-ছেলের ক’ঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার-৩

মোজাম্মেল হক, চাটখিল (নোয়াখালী): নোয়াখালীর সোনাইমুড়ীতে সম্পত্তি ভাগাভাগির দ্বন্দ্বে মা ও শিশুপুত্রকে হত্যার দুই বছর পর পুকুর থেকে তাদের কঙ্কাল উদ্ধার করেছে সিআইডি। এ ঘটনায় নিহত নারীর দুই সৎ ছেলে ও এক নাতিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার দুপুরে উপজেলার জয়াগ ইউনিয়নের জয়াগ গ্রামের আবু আমিনের বাড়ির পুকুর থেকে ভেকু মেশিন দিয়ে কঙ্কাল দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন, কমলা বেগম (৩২) ও তার ছেলে মোঃ নোমান (৯)। কমলা একই এলাকার আবুল কালাম আজাদের স্ত্রী।
সিআইডি সূত্র জানায়, পারিবারিক সম্পত্তি ভাগাভাগির দ্বন্দ্বে ২০২৪ সালের জানুয়ারিতে কমলা বেগম ও তার শিশুপুত্র নোমানকে হত্যা করে সৎ ছেলে রাজু, সাগর ও নাতি টিপু। তখন শুকনো মৌসুম থাকায় লাশ গুম করতে তাদের বিবস্ত্র অবস্থায় পুকুরে মাটিচাপা দেওয়া হয়। দীর্ঘ তদন্তের পর গ্রেপ্তার হওয়া সৎ ছেলে রাজু, সাগর ও নাতি টিপুর দেওয়া তথ্যের ভিত্তিতে পুকুর থেকে ভেকু মেশিন দিয়ে মা-ছেলের কঙ্কাল উদ্ধার করা হয়েছে।
অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার ও নোয়াখালী সিআইডির ইনচার্জ মোঃ রাইছুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় প্রথমে আদালতে একটি মামলা হয়। পরে সোনাইমুড়ী থানায় একটি জিআর মামলা দায়ের করা হয়।
ঐ মামলার সূত্র ধরে ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে মা-ছেলের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। স্থানীয় এলাকাবাসী ঘটনার সাথে জড়িত সৎ ছেলে ও নাতির ফাঁসির দাবি জানিয়েছেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত