
পবিত্র ঈদ-উল আযহা ২০২৬ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে নীলফামারীর ডিমলা উপজেলায় ৫০০ জন দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। প্রতিজনকে ১ হাজার টাকা করে মোট ৫ লাখ টাকা বিতরণ করা হচ্ছে ডিমলা উপজেলা পরিষদ হলরুমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ডোমার-ডিমলা আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, ডিমলা থানার অফিসার ইনচার্জ শওকত আলী সরকার, আনসার ও ভিডিপি কর্মকর্তা ফারুক হোসেন, অধ্যাপক রাসুল আলম চৌধুরী, আরিফুল ইসলাম লিটন, গোলাম রাব্বানী প্রধান ও রকুনুজ্জামান বকুলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র ঈদ-উল আযহাকে সামনে রেখে সমাজের অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে সরকারের পক্ষ থেকে এ মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে। সরকারের এমন জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
পরে অতিথিবৃন্দ উপকারভোগীদের হাতে নগদ অর্থ তুলে দেন।
এদিকে নগদ অর্থ বিতরণ শেষে আসন্ন ঈদুল আযহায় কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও সঠিকভাবে জাত করণের লক্ষ্যে বিভিন্ন মাদ্রাসায় লবণ বিতরণ কার্যক্রমেরও উদ্বোধন করা হয়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত