

কিশোরগঞ্জের কটিয়াদীতে এক স্কুলছাত্রীর গলায় ছুরি ধরে স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় জুয়েল (৩০) নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ। ঘটনাটি গত বুধবার (২০ মে) বিকেলে উপজেলার কটিয়াদী বাজারের মোরগ মহল এলাকায় ঘটে। ভুক্তভোগী ইসরাত জাহান (১১) কটিয়াদী ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। সে বীর নোয়াকান্দি এলাকার প্রবাসী মাহমুদুল হাসান সুমনের মেয়ে।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিন ইসরাতের মা তাকে স্কুলে আনা-নেওয়া করতেন। তবে ঘটনার দিন বিকেলে সে একাই স্কুল থেকে বাড়ি ফিরছিল। মোরগ মহল এলাকায় পৌঁছালে মোটরসাইকেলযোগে আসা হেলমেট পরিহিত দুই যুবক তার গলায় ছুরি ধরে এবং কানে থাকা স্বর্ণের দুল ছিনিয়ে নেয়। পরে ইসরাত কান্নাকাটি করতে করতে বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। ইসরাতের চাচা জয় আহম্মেদ বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। একটি শিশুর সঙ্গে তার মা-বাবা সব সময় থাকতে পারেন না। যদি স্কুলে যাওয়া-আসার পথেও শিশুরা নিরাপদ না থাকে, তাহলে উদ্বেগের বিষয়। আমরা দ্রুত জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। আমাদের সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”
এ বিষয়ে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে অবগত হওয়ার পরপরই পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে মো. জুয়েল নামে একজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত