
প্রিন্ট এর তারিখঃ জুন ৩, ২০২৬, ৪:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১, ২০২৬, ৪:২৭ পি.এম
ফুলবাড়ীতে জামায়াতে ইসলামীর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত, উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে ফুলবাড়ী মডেল মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী, সমর্থক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও কুড়িগ্রাম জেলা শাখার আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার। তিনি তাঁর বক্তব্যে ঈদুল আজহার শিক্ষা, ত্যাগের আদর্শ, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং ইসলামী আন্দোলনের কর্মীদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোচনা করেন। একই সঙ্গে তিনি দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মো. আব্দুল হামিদ মিয়া এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মো. ইয়াছিন আলী সরকার।
বক্তারা সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা, জনকল্যাণমূলক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং জনগণের আস্থা অর্জনে রাজনৈতিক কর্মীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। ফুলবাড়ী উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং জনসম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানের একপর্যায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
এতে উপজেলা চেয়ারম্যান পদে মোঃ আব্দুস ছালাম সুজা, ভাইস চেয়ারম্যান পদে মোঃ রফিকুল ইসলাম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছাঃ ফাহিমা দেওয়ানের নাম ঘোষণা করা হয়। ঘোষণার পর উপস্থিত নেতাকর্মীরা প্রার্থীদের প্রতি সমর্থন ও শুভকামনা জানান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে অংশগ্রহণকারীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত