
প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১০:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৩, ২০২৬, ২:৫৯ পি.এম
রাজশাহীর চারঘাটে র্যাবের অভিযানে ফেন্সিডিল উদ্ধার, আটক – ১

রাজশাহীর চারঘাট উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩১৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৫। অভিযানের সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়।
র্যাব-৫ সূত্রে জানা যায়, মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংস্থাটি নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে চারঘাট উপজেলার চক মুক্তারপুর এলাকার ঈদগাহ মাঠসংলগ্ন একটি আমবাগানে অভিযান চালানো হয়। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে মো. রবিন আলী (৪৫) নামে একজনকে আটক করা হয়। তিনি উপজেলার মুক্তারপুর গ্রামের মৃত আনসার আলীর ছেলে। অভিযানের সময় তার হেফাজত থেকে ৩১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এছাড়া একটি মোবাইল ফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়েছে।
র্যাবের কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে চারঘাটসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার বিষয়ে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি উদ্ধার হওয়া ফেন্সিডিল বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে সংরক্ষণ করেছিলেন বলে স্বীকার করেছেন। মাদক ব্যবসার সঙ্গে জড়িত অন্য কোনো ব্যক্তি রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত চলছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৫ আরও জানায়, মাদকের বিস্তার রোধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনী নিরলসভাবে কাজ করছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত