
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়াকে মন্ত্রীসভায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন হোমনা ও তিতাসবাসীসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তাদের দাবি, স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ত নেতৃত্ব, উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ এবং শিক্ষা খাতে দীর্ঘ অভিজ্ঞতার কারণে তিনি জাতীয় পর্যায়েও গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন। নেতাকর্মীরা জানান, নির্বাচিত হওয়ার পর থেকে অধ্যক্ষ সেলিম ভুঁইয়া নিয়মিত দুই উপজেলার বিভিন্ন ইউনিয়ন, গ্রাম ও জনপদ পরিদর্শন করছেন। তিনি সাধারণ মানুষের সুখ-দুঃখের খোঁজখবর নেওয়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক, ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখেছেন। তাদের মতে, দেশের রাজনৈতিক বাস্তবতায় অনেক জনপ্রতিনিধির জনপ্রিয়তা নির্বাচনের পর কমে গেলেও অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার ক্ষেত্রে দেখা গেছে ভিন্ন চিত্র। নির্বাচনের পর সাধারণ মানুষের সঙ্গে তাঁর সম্পৃক্ততা ও গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পেয়েছে। এ কারণে তিনি ইতোমধ্যে অনেকের কাছে জনতার এমপি’ হিসেবে পরিচিতি লাভ করেছেন।
স্থানীয় নেতাকর্মীরা বলেন, দুই উপজেলার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ, নদী-খাল-বিল সংরক্ষণ, মৎস্য উৎপাদন বৃদ্ধি, বেকারত্ব দূরীকরণ এবং যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করার লক্ষ্যে তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন এবং বিভিন্ন মহলের সঙ্গে মতবিনিময় করছেন।
তারা আরও বলেন, অধ্যক্ষ সেলিম ভুঁইয়া দীর্ঘদিন ধরে দেশের শিক্ষা অঙ্গনের সঙ্গে সম্পৃক্ত। শিক্ষক-কর্মচারী জোটের সভাপতি হিসেবে তিনি সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও কর্মচারীদের বিভিন্ন সমস্যা, সংকট ও সম্ভাবনা সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করেছেন। ফলে মন্ত্রিপরিষদে দায়িত্ব পেলে শিক্ষা খাতের উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষক-কর্মচারীদের কল্যাণ এবং দক্ষ মানবসম্পদ গঠনে জাতীয় পর্যায়ে কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলে তারা বিশ্বাস করেন।
দাবির পক্ষে থাকা নেতাকর্মীরা মনে করেন, অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার নেতৃত্ব সাংগঠনিক দক্ষতা এবং জনকল্যাণমুখী কর্মকাণ্ড মন্ত্রিপরিষদে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে ইতিবাচক অবদান রাখতে পারে। তাদের ভাষ্য, মন্ত্রিসভায় দায়িত্ব পেলে তিনি শুধু হোমনা-তিতাস বা কুমিল্লা অঞ্চলের নয়, বরং জাতীয় পর্যায়ে দেশের সার্বিক উন্নয়ন, শিক্ষা খাতের অগ্রগতি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।
তবে এ বিষয়ে অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া বা দলের কেন্দ্রীয় নেতৃত্বের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত