
প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১০:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৪, ২০২৬, ২:২৬ পি.এম
উলিপুরে বাইপাস সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

কুড়িগ্রামের উলিপুর পৌর শহরের দীর্ঘদিনের যানজট, সড়ক দুর্ঘটনা ও জনদুর্ভোগ নিরসনে হেলিপ্যাড থেকে আমিনমোড় পর্যন্ত বাইপাস সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন, র্যালি ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন স্থানীয় লোকজন।
বাইপাস সড়ক বাস্তবায়ন কমিটির উদ্যোগে গুনাইগাছ মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম আরিফ-এর হাতে একটি স্মারকলিপি তুলে দেন।
মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। তরুণ সমাজসেবক রিপন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা উলিপুরের ক্রমবর্ধমান যানজট, সড়ক দুর্ঘটনা ও যোগাযোগ সংকটের চিত্র তুলে ধরেন।
বক্তারা বলেন, উলিপুর বর্তমানে চিলমারী নৌবন্দর, রমনা রেলস্টেশন এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সেতুর মাধ্যমে গুরুত্বপূর্ণ যোগাযোগ ও বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়েছে। ফলে প্রতিদিন অসংখ্য ভারী যানবাহন পৌর শহরের ভেতর দিয়ে চলাচল করছে। সংকীর্ণ ও অপরিকল্পিত সড়কে এসব যানবাহনের কারণে দীর্ঘ যানজট, দুর্ঘটনা এবং জনদুর্ভোগ নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে।
তারা আরও বলেন, শহরের প্রধান সড়কে প্রতিদিন শত শত পণ্যবাহী ট্রাক, ট্রলি ও ভারী যানবাহন চলাচল করায় শিক্ষার্থী, পথচারী এবং সাধারণ মানুষের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। যানজটের কারণে রোগীবাহী অ্যাম্বুলেন্সও সময়মতো হাসপাতালে পৌঁছাতে ব্যর্থ হচ্ছে। এতে জনজীবন যেমন দুর্বিষহ হয়ে উঠছে, তেমনি ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে।
মানববন্ধন থেকে বক্তারা দাবি করেন, হেলিপ্যাড থেকে আমিনমোড় পর্যন্ত প্রস্তাবিত বাইপাস সড়ক নির্মিত হলে ভারী যানবাহনগুলো শহর এড়িয়ে চলাচল করতে পারবে। এতে পৌর শহরের যানজট উল্লেখযোগ্যভাবে কমবে, সড়ক দুর্ঘটনা হ্রাস পাবে এবং সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত হবে।
তারা বলেন, বাইপাস সড়কটি বাস্তবায়িত হলে চিলমারী বন্দর ও কুড়িগ্রাম সদরসহ বিভিন্ন অঞ্চলের সঙ্গে যোগাযোগ সহজ হবে। একই সঙ্গে কৃষিপণ্য ও ব্যবসায়িক পণ্য পরিবহন দ্রুততর হওয়ায় স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দেওয়া স্মারকলিপিতে উলিপুরের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে “উলিপুর বাইপাস সড়ক নির্মাণ প্রকল্প”কে সর্বোচ্চ অগ্রাধিকারভিত্তিক জাতীয় প্রকল্প হিসেবে বিবেচনা করে দ্রুত ভূমি অধিগ্রহণ, নকশা প্রণয়ন ও বাস্তবায়ন কাজ শুরুর দাবি জানানো হয়।
সমাবেশ থেকে বক্তারা জনস্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ প্রকল্প দ্রুত বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত