
প্রিন্ট এর তারিখঃ জুন ৬, ২০২৬, ৭:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৬, ২০২৬, ৪:৩৯ পি.এম
ডেঙ্গুমুক্ত রাজশাহী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে: রাসিক প্রশাসক

অপু দাস, রাজশাহী: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং নগরবাসীকে সম্পৃক্ত করার লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে শনিবার (৬ জুন) অনুষ্ঠিত হয়েছে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক জনসচেতনতামূলক র্যালি। নগর ভবনের সামনে থেকে শুরু হওয়া এ র্যালি মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নগর ভবন চত্বরে এসে শেষ হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। কর্মসূচি শেষে নগর ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
প্রশাসক বলেন, ডেঙ্গু বর্তমানে দেশের অন্যতম জনস্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা দিয়েছে। তবে সময়োপযোগী উদ্যোগ, সচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের অংশগ্রহণের মাধ্যমে এ রোগের বিস্তার নিয়ন্ত্রণ করা সম্ভব। তিনি বলেন, শুধুমাত্র সিটি কর্পোরেশনের কার্যক্রমের ওপর নির্ভর না করে প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাসাবাড়ি, আঙিনা, ছাদ এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
তিনি আরও বলেন, ডেঙ্গুর বাহক এডিস মশা সাধারণত জমে থাকা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে। তাই বাসাবাড়ি ও আশপাশে কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে। একই সঙ্গে মশার প্রজননস্থল ধ্বংসে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মো. মাহফুজুর রহমান রিটন জানান, ডেঙ্গু মোকাবেলায় রাজশাহী সিটি কর্পোরেশন আগাম প্রস্তুতি গ্রহণ করেছে। ইতোমধ্যে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম গ্রহণের পাশাপাশি মশক নিধন কার্যক্রম জোরদারের পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি বলেন, একটি নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও ডেঙ্গুমুক্ত রাজশাহী মহানগরী গড়ে তোলার লক্ষ্যে সিটি কর্পোরেশনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
তিনি বলেন, পরিচ্ছন্ন নগরী গঠন এবং নাগরিক সেবার মান উন্নয়নে সিটি কর্পোরেশন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। অতীতে হাম-রুবেলা প্রতিরোধে যেভাবে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে, একইভাবে ডেঙ্গু প্রতিরোধেও সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই দুই সপ্তাহব্যাপী ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে বলেও তিনি জানান।
র্যালিতে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ই-সাঈদ, বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
এছাড়াও সিডিসির সদস্য, ওয়ার্ড সচিব, স্বাস্থ্যকর্মী, রেড ক্রিসেন্ট ও বিডিক্লিনের স্বেচ্ছাসেবীরা র্যালিতে অংশ নিয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির বার্তা জনগণের মাঝে পৌঁছে দেন।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা এবং অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত