
প্রিন্ট এর তারিখঃ জুন ৮, ২০২৬, ৮:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৮, ২০২৬, ৫:১৫ পি.এম
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিগঠনকে কেন্দ্র করে দুর্বৃত্তদের হামলায় আহত-৫
![]()
নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার কচুবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর জখমসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় শনিবার রাতে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এজাহারে অভিযোগ করা হয়েছে, শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১১টার দিকে লোহাগড়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের কচুবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন উপলক্ষে এক সভার আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিথিলা সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় কচুবাড়ীয়াসহ কয়েকটি গ্রামের সুধীজন উপস্থিত ছিলেন।
সভা চলাকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে 'দাতা সদস্য' হিসেবে নাম প্রস্তাব করাকে কেন্দ্র করে উপস্থিত দুটি পক্ষ তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
মামলা সূত্রে জানা যায়, পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পর কচুবাড়ীয়া গ্রামের ১০/১২ জনের একটি দল রামদা, হকিস্টিক, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে সভায় অতর্কিতে হামলা চালায়।
হামলায় কচুবাড়ীয়ার সাবেক কাউন্সিলর ফারুক শেখের ছেলে সাবিদ শেখ (২৩) ও একই গ্রামের হায়দার শেখের ছেলে আব্দুল্লাহ শেখ ওরফে অপুকে (২৬) পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করা হয়। হামলার সময় মারপিটের শিকার হন কচুবাড়ীয়া গ্রামের হারুন মোল্যা, কবির হোসেন, দিলীপ সমাদ্দারসহ আরও কয়েকজন।
স্থানীয়রা গুরুতর জখম সাবিদ ও আব্দুল্লাহকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় কচুবাড়ীয়া গ্রামের জাহাঙ্গীর শেখ বাদী হয়ে শনিবার রাতেই ৮জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে লোহাগড়া থানায় মামলা করেছেন।
লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) অজিত কুমার রায় জানান, ঘটনার পর পরই পুলিশ ওই এলাকা পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত