
প্রিন্ট এর তারিখঃ জুন ১৮, ২০২৬, ১২:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১০, ২০২৬, ৪:২০ পি.এম
বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী গুরুতর আহত

মনিরুল ইসলাম,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় একটি ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ দুইজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) দুপুর ২টার দিকে হাটিকুমরুলের ন্যাশনাল ফুড ভিলেজ হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে কুড়িগ্রামগামী এস এন পরিবহনের একটি যাত্রীবাহী বাস যাত্রাবিরতির জন্য ন্যাশনাল ফুড ভিলেজ হোটেলে প্রবেশের সময় সার্ভিস লেনে চলন্ত একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার চালকসহ দুইজন গুরুতর আহত হন।
খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠায়।
দুর্ঘটনার পর দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা এবং ঘাতক বাসটি জব্দ করে হেফাজতে নেয় হাটিকুমরুল হাইওয়ে পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, ন্যাশনাল ফুড ভিলেজ হোটেলে যাতায়াতের সুবিধার্থে অনেক দ্রুতগতির যানবাহন মহাসড়কে উল্টো পথে চলাচল করে থাকে। এ কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এতে প্রাণহানি ও স্থায়ী পঙ্গুত্বের মতো মর্মান্তিক ঘটনাও ঘটছে। মহাসড়কে উল্টো পথে যান চলাচল বন্ধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন মহল।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন মুঠোফোনে জানান, আহত দু জনের পরিচয় পাওয়া যায় নাই, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত