
প্রিন্ট এর তারিখঃ জুন ১০, ২০২৬, ৬:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১০, ২০২৬, ৫:২৭ পি.এম
ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের দায়ে দুই তরুণকে কারাদণ্ড

এম.জে.এ মামুন: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক সেবন করে মাতলামি এবং জনশান্তি বিনষ্টের অভিযোগে দুই তরুণকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলার চান্দলা ইউনিয়নের দক্ষিণ চান্দলা ও দুলালপুর ইউনিয়নের বালিনা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, দক্ষিণ চান্দলা গ্রামের মো. খাজু মিয়ার ছেলে মো. ফয়সাল (২০) এবং বালিনা গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে মো. মজিবুর রহমান (২৪)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ফয়সাল ও মজিবুর রহমান মাদক সেবন করে এলাকায় মাতলামি, পারিবারিক অশান্তি এবং স্থানীয়দের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করে আসছিলেন বলে অভিযোগ পাওয়া যায়। এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে উপজেলার দক্ষিণ চান্দলা ও বালিনা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান। এ সময় ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করে।
আদালতে হাজির করা হলে আটক দুই ব্যক্তি মাদক সেবনের বিষয়টি স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালত ফয়সালকে পাঁচ মাসের এবং মজিবুর রহমানকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।”
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত