
প্রিন্ট এর তারিখঃ জুন ১১, ২০২৬, ২:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১১, ২০২৬, ১২:০১ পি.এম
গঙ্গাচড়ায় গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

রাসেল রানা, বিশেষ প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. হাবিবুর রহমান (২৫) কে গ্রেফতার করেছে র্যাব-১৩।
র্যাব সূত্রে জানা যায়, গত ১৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত আনুমানিক ৮টার দিকে গঙ্গাচড়া উপজেলার ধনতলা এলাকায় এ ঘটনা ঘটে। মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগীর স্বামী মো. সাইদুল ইসলাম ওই সময় স্থানীয় বাজারে তার চায়ের দোকানে ব্যবসা করছিলেন। এ সুযোগে অভিযুক্ত হাবিবুর রহমান ভুক্তভোগীর বসতঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়।ভুক্তভোগীর চিৎকার শুনে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে অভিযুক্তকে আটক করে একটি কক্ষে আবদ্ধ করে রাখেন। পরে অভিযুক্তের পরিবারের সদস্য ও তাদের সহযোগীরা ঘটনাস্থলে এসে বাকবিতণ্ডার একপর্যায়ে হামলা চালিয়ে তাকে সেখান থেকে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় গত ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(ক)(১) ধারাসহ পেনাল কোডের বিভিন্ন ধারায় মামলা দায়ের করেন। মামলাটি গঙ্গাচড়া মডেল থানার মামলা নং-২১ হিসেবে রেকর্ড করা হয়।
র্যাব জানায়, ঘটনার পর থেকে আসামি গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন। মামলার গুরুত্ব বিবেচনায় র্যাব-১৩ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং তাকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনা করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১০ জুন) রাত ২টা ১০ মিনিটে র্যাব-১৩, সিপিএসসি রংপুরের একটি আভিযানিক দল গঙ্গাচড়া উপজেলার দক্ষিণ বেতগাড়ী এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মো. হাবিবুর রহমানকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, অপহরণ, হত্যা, ধর্ষণসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত