
প্রিন্ট এর তারিখঃ জুন ১১, ২০২৬, ৬:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১১, ২০২৬, ৪:২৯ পি.এম
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও

সোহাগ ইসলাম, মঠবাড়িয়া (পিরোজপুর): পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় এক বিরল শারীরিক বৈশিষ্ট্য নিয়ে জন্ম নেওয়া নবজাতককে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুটির দুই হাত ও দুই পা মিলিয়ে রয়েছে ৩০টি আঙুল। এছাড়া জন্মগতভাবে তার জিহ্বাও নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা।
মঙ্গলবার (৯ জুন) বিকেলে মঠবাড়িয়ার ড্রিম অ্যান্ড হেলথ কেয়ার হাসপাতালে সিজারের মাধ্যমে শিশুটির জন্ম হয়। জন্মের পরপরই তাকে একনজর দেখতে হাসপাতালে ভিড় করেন স্বজন ও কৌতূহলী এলাকাবাসী।
নবজাতকের বাবা ইসমাইল পালোহন উপজেলার বড় মাছুয়া ইউনিয়নের ভোলমারা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন দিনমজুর। পরিবারের অন্য চার সন্তান স্বাভাবিক হলেও নবজাতকটির শারীরিক গঠন দেখে হতবাক হয়ে পড়েছেন স্বজনরা।
শিশুটির মা জেসমিন আক্তার বলেন, “ধারদেনা করে সিজার করিয়েছি। এখন সবচেয়ে বড় চিন্তা বাচ্চাটার চিকিৎসা কীভাবে করাব। সমাজের বিত্তবান ও মানবিক মানুষজন সহযোগিতার হাত বাড়ালে আমাদের অনেক উপকার হবে।”
চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির শারীরিক জটিলতা নিয়ে আরও বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বিশেষায়িত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে বিরল এই ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। অনেকেই শিশুটির সুস্থতা কামনা করে পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত