
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
চাটখিল উপজেলার ৩নং পরকোট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কতিপয়
প্রভাবশালী ব্যক্তি আগুনি বাড়ির সরকারি খাল দখল করে বাড়ির চলাচলের রাস্তা
এবং সীমানা প্রাচীন নির্মাণ করেছে। এতে করে ওই এলাকার পরিবেশের
ভারসাম্য নষ্ট হচ্ছে। এই বিষয়টি নিয়ে এলাকার জনগণের মাঝে তীব্র
ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী অবিলম্বে খালের উপরে সকল অবৈধ দখল
এবং প্রতিবন্ধকতা অপসারণের জন্য গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা
নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
এলাকাবাসীর দায়ের করা অভিযোগ ও সরজমিনে গিয়ে দেখা যায়, পরকোট
ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৃত আবদুল কুদ্দুছ এর ছেলে ছালে আহম্মদ,
জাহাঙ্গীর হোসেন, মাসুদ আলম, টিপু সুলতান, স্বপন সহ আরো
অনেকেই যার যার ইচ্ছেমতো সরকারি খালে মাটি ভরাট করে বাড়ির চলাচলের
রাস্তা নির্মাণ করেছে। এছাড়াও খালের উপরে মাটি ভরাট করে বাড়ির
সীমানা প্রাচীর নির্মাণ করেছে। এই বিষয়টি ওই এলাকার পরিবেশের উপর
মারাত্মকভাবে প্রভাব পড়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার
কারণে আশেপাশের রাস্তাগুলো ভেঙ্গে যাচ্ছে, পানি প্রবাহ বাধাগ্রস্ত
হচ্ছে এবং শুকনো মৌসুমে এই খালের উপর নির্ভর করে যারা কৃষিকাজ
করে থাকেন তাদের সেচ ব্যবস্থাপনা ভেঙে পড়েছে। স্থানীয় কৃষক দেলু
মজুমদার, আবুল বাসার জানান, আমরা আগে এই খাল থেকে সেচ দিয়ে
ইরি বোরো ধান চাষ করতাম, এখন খাল ভরাট করার কারণে পানি না পেয়ে
আমরা ঠিকমতো ধান চাষ করতে পারছি না। স্থানীয় বিএনপি নেতা রাশেদ
আটিয়া সাংবাদিকদের বলেন বর্তমান সরকার খাল খনন কর্মসূচির
মাধ্যমে কৃষি ক্ষেত্রে বিপ্লব আনতে চাচ্ছেন, আমরা চাই অবিলম্বে সকল
অবৈধ দখল অপসারণ করে খালটি আগের অবস্থায় ফিরিয়ে আনা হোক।
অভিযোগের বিষয়ে খাল দখল করে রাস্তা ও দেওয়াল নির্মাণকারী ছালে
আহাম্মদ ও স্বপনের সাথে কথা বললে তারা খাল দখলের বিষয়টি স্বীকার করে
বলেন, সরকার চাইলে আমরা দখল ছেড়ে দিব।
এই বিষয়ে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের
সাথে কথা বললে তিনি বলেন, তদন্ত করে খাল দখলমুক্ত করা হবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত