
প্রিন্ট এর তারিখঃ জুন ১৫, ২০২৬, ৬:২১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৫, ২০২৬, ১১:০৩ এ.এম
সোনাইমুড়িতে মাদক সেবন-বিক্রির অভিযোগে একজনকে পিটিয়ে হত্যা

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়িতে মাদক সেবন ও বিক্রির অভিযোগে মাদক নির্মূল কমিটির লোকজন ফয়েজ (৩৭) নামে এক রিক্সা চালককে পিটিয়ে হত্যা করেছে। গত শুক্রবার বিকেলে হত্যাকাণ্ডের শিকার ফয়েজের বাবা জামাল বাদী হয়ে সোনাইমুড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মামলার পরপরই তাৎক্ষণিক পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সাথে জড়িত অভিযুক্ত আজিজ উল্যা (৩৫) ও কিরন (২৭) কে গ্রেফতার করেছে। মামলায় ১০ জনকে এজাহারনামীয় আসামী করা হয়েছে। এছাড়া আরও ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার নদনা ইউনিয়নের উত্তর শাকতলা গ্রামের জব্বর ডিলার বাড়ি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
এই ঘটনার প্রত্যক্ষদর্শী সিরাজ মিয়া জানান, উত্তর শাকতলা গ্রামে দীর্ঘদিন ধরে ফয়েজ, রকি, সাগর, জামাল, সবুজ, রাসেল, হারুন, আবুল হোসেন ও আল আমিনের নেতৃত্বে মাদকের কারবার চলছিল। গত দু-তিনদিন ধরে আল আমিনের সঙ্গে ফয়েজের মাদক বিক্রি নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এই ঘটনার পর স্থানীয় কয়েকজন তরুণ ওই এলাকায় মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে পাহারার ব্যবস্থা করেন। এতে গত কয়েকদিন ধরে সেখানে মাদকসেবীদের ক্রয় বিক্রয় এবং আড্ডা বন্ধ ছিল। তিনি আরও জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে রকি (২৮), সাগর (২৬), জামাল (৩২), ওসমান (২৭) সবুজ (৩১), রাসেল (২৫) ও আল আমিন (২২) সহ কয়েকজন চিহ্নিত মাদক কারবারি নুরু ডাক্তার বাড়ির পুকুর পাড় সংলগ্ন এলাকায় অবস্থান করছিলেন।
এ সময় আল আমিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী মাদক নির্মূল কমিটির নাম করে ফয়েজের ওপর হামলা চালায়। হামলায় ফয়েজকে পেছন থেকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয়। গুরুতর আঘাতের কারনে তার মাথায় অতিরিক্ত রক্তক্ষরণ হয়। পরে সবাই মৃত্যু নিশ্চিত করে ফয়েজকে ঘরের পাশে রেখে চলে যায়। এরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা জামাল বলেন, আমার আর কিছু বলার নেই। আমি আমার ছেলেকে আল্লাহর কাছে সোপর্দ করলাম। আমার ছেলেকে পরিকল্পিতভাবে আল আমিনসহ একটি চিহ্নিত মাদক কারবারিরা একত্রিত হয়ে হত্যা করেছে।সোনাইমুড়ি থানার ওসি কবির হোসেন বলেন, থানায় একটি হত্যা মামলা হয়েছে। দুজনকে গ্রেফতার করা হয়েছে, অন্যদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে। তবে তদন্তের স্বার্থে তিনি বিস্তারিত মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত