
প্রিন্ট এর তারিখঃ জুন ২৫, ২০২৬, ৫:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৫, ২০২৬, ১১:৩১ পি.এম
সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তবকপুর ইউপি চেয়ারম্যান গ্রেফতার

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় তবকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উলিপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মোখলেছুর রহমানকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।
উলিপুর থানার প্রকাশিত এক প্রেস রিলিজে জানানো হয়, উলিপুর থানার মামলা নং-০৭, তারিখ ০৮ জুন ২০২৬, সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩) এর ৮/৯(১)/১০/১১/১২ ধারায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে উপজেলার তবকপুর ইউনিয়নের মন্ডলপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
প্রেস রিলিজে উল্লেখ করা হয়েছে, মামলার এজাহারে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। অভিযোগের মধ্যে সড়কে টায়ারে আগুন দিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি, জনমনে আতঙ্ক ছড়ানো এবং বিভিন্ন ধরনের নাশকতামূলক কার্যক্রম পরিচালনার বিষয়ও উল্লেখ রয়েছে।
উলিপুর থানা পুলিশ জানায়, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং প্রাথমিক তদন্তে অভিযোগের বিষয়ে তথ্য-উপাত্ত যাচাই করা হচ্ছে। গ্রেফতারের পর মোঃ মোখলেছুর রহমানকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত