
প্রিন্ট এর তারিখঃ জুন ১৮, ২০২৬, ২:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৭, ২০২৬, ১১:৫৬ পি.এম
মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে যুবদলের নতুন কমিটির সভা

মো: আব্দুল হান্নান, শাজাহানপুর (বগুড়া): বগুড়ার শাজাহানপুর উপজেলা যুবদলের সদ্য ঘোষিত আংশিক নতুন কমিটিকে স্বাগত জানিয়ে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন) বগুড়া জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমোদনের পর আজ বুধবার দলীয় কার্যালয় থেকে এই আনন্দ মিছিলটি বের হয়। মিছিল শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে গত ১৬ জুন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে বেলাল হোসেন বাবুকে সভাপতি এবং রেজাউল করিম রেজাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
আনন্দ মিছিলে যোগ দিয়ে উপজেলা যুবদলের নবাগত সভাপতি মো. বেলাল হোসেন বাবু মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, 'চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে।' যুব সমাজকে মাদকের ভয়ংকর গ্রাস থেকে দূরে রেখে দলের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
কমিটি গঠন ও আনন্দ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে আরো বক্তব্য রাখেন, শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ এবং সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দীন হারেজসহ যুবদল ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা নতুন কমিটির নেতৃত্বকে স্বাগত জানিয়ে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সমাবেশ শেষে এক বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকীম মন্ডল। এ সময় দলীয় নেতাকর্মী ও সাধারণ সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত