
প্রিন্ট এর তারিখঃ জুন ২৪, ২০২৬, ১:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২২, ২০২৬, ১০:৪৫ এ.এম
অনলাইন জুয়া খেলতে মুন্না আটক, জেলহাজতে প্রেরণ

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে অনলাইনে জুয়া খেলার সময় মুন্না মিয়া (৩১) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (২০ জুন) দিবাগত মধ্যরাতে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের বড় গাবেরতল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মুন্না মিয়া ওই এলাকার আব্দুল আজিজের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানা পুলিশ বড় গাবেরতল এলাকার মামা-ভাগ্নে ডেকরেটরের দোকানে অভিযান চালায়। এ সময় কয়েকজন যুবক মোবাইল ফোনের মাধ্যমে ই-ট্রানজেকশন করে বিভিন্ন অনলাইন অ্যাপসে জুয়া খেলছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন কৌশলে পালিয়ে গেলেও মুন্না মিয়াকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
অভিযানের সময় মুন্না মিয়ার প্যান্টের পকেট থেকে প্রায় ৩৫ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত মোবাইল ফোনে ই-ট্রানজেকশনের মাধ্যমে অনলাইন জুয়া খেলার বিভিন্ন আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, মুন্না মিয়াসহ পলাতক ব্যক্তিরা অনলাইন জুয়ার অ্যাপসের সঙ্গে সম্পৃক্ত এবং তারা অনলাইন জুয়া পরিচালনা ও এজেন্ট হিসেবে কাজ করতেন।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আটক ব্যক্তির বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার (২১ জুন) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত