
প্রিন্ট এর তারিখঃ জুন ২৪, ২০২৬, ১:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২২, ২০২৬, ১২:৩৬ পি.এম
বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী

অপু দাস, রাজশাহী: বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, পারস্পরিক আস্থা, সহযোগিতা, সম্মান ও সৌহার্দ্যের ভিত্তিতেই দুই দেশের সম্পর্ক এগিয়ে চলেছে এবং এই ধারা অব্যাহত থাকলে উভয় দেশের জনগণই উপকৃত হবে।
রোববার বিকেলে রাজশাহীতে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
ভূমিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের মানুষের মধ্যে দীর্ঘদিনের সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক সম্পর্ক রয়েছে। ভৌগোলিক অবস্থান এবং ঐতিহাসিক প্রেক্ষাপটের কারণে দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার ক্ষেত্রও ব্যাপক। তিনি বলেন, প্রতিবেশী দেশ হিসেবে উভয় রাষ্ট্র বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করছে এবং ভবিষ্যতেও এই সহযোগিতার পরিধি আরও বৃদ্ধি পাবে।
তিনি আরও বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্মান একটি সুস্থ সম্পর্কের অন্যতম ভিত্তি। দুই দেশের জনগণের মধ্যে যে বন্ধুত্ব ও সৌহার্দ্যের পরিবেশ রয়েছে, তা ভবিষ্যতের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য ইতিবাচক ভূমিকা রাখবে। আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে যোগব্যায়ামের গুরুত্ব নিয়ে আলোচনা করতে গিয়ে মন্ত্রী বলেন, যোগচর্চা শুধু শরীরকে সুস্থ রাখার জন্য নয়, মানসিক প্রশান্তি ও আত্মনিয়ন্ত্রণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আধুনিক ব্যস্ত জীবনে শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে যোগব্যায়াম কার্যকর একটি অনুশীলন হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছে।
তিনি উল্লেখ করেন, যোগব্যায়ামের ইতিহাস অত্যন্ত প্রাচীন। উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে বহু আগে থেকেই এর চর্চা হয়ে আসছে। বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন পাহাড়পুর বৌদ্ধবিহার এলাকাতেও যোগচর্চার ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় বলে তিনি জানান। পরবর্তীতে ভারত, চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে যোগব্যায়ামের প্রসার ঘটে এবং বর্তমানে এটি আন্তর্জাতিকভাবে সমাদৃত একটি স্বাস্থ্যচর্চায় পরিণত হয়েছে।
ভূমিমন্ত্রী বলেন, আত্মশৃঙ্খলা, আত্মনিয়ন্ত্রণ এবং সুস্থ জীবনযাপনের জন্য যোগব্যায়াম অত্যন্ত কার্যকর। নিয়মিত যোগচর্চা মানুষের কর্মক্ষমতা বৃদ্ধি করে এবং মানসিক চাপ কমাতে সহায়তা করে। সুস্থ সমাজ গঠনে এ ধরনের চর্চা আরও বিস্তৃত হওয়া প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠান আয়োজনের জন্য ভারতীয় সহকারী হাইকমিশনের প্রতি ধন্যবাদ জানান মন্ত্রী। একই সঙ্গে অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশু-কিশোর, তরুণ-তরুণী, নারী-পুরুষ এবং অন্যান্য অংশগ্রহণকারীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা। বক্তারা যোগব্যায়ামের বহুমাত্রিক উপকারিতা এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে এর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী, যোগব্যায়াম প্রশিক্ষক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন বয়সের বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণকারীদেরও শুভেচ্ছা জানানো হয়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত