
প্রিন্ট এর তারিখঃ জুন ২৬, ২০২৬, ৭:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২২, ২০২৬, ১২:৪৮ পি.এম
চামড়াবোঝাই ট্রাক খাদে পড়ে চালক নিহত, আহত-২

এম.জে.এ মামুন: কুমিল্লার দেবিদ্বারে ব্রিজে উঠতে গিয়ে চামড়াবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
শনিবার (২০ জুন) রাত পৌনে ৯টার দিকে উপজেলার খলিলপুর বাজারের পূর্বপাশের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, চামড়াবোঝাই ট্রাকটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। খলিলপুর বাজারের পূর্বপাশের ব্রিজে ওঠার সময় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাকচালক সোহেল ঘটনাস্থলেই নিহত হন। নিহত সোহেলের বাড়ি গাজীপুর জেলায়। দুর্ঘটনায় ট্রাকের হেলপার মনিনসহ আরও একজন সামান্য আহত হয়েছেন। মনিনের বাড়ি সিরাজগঞ্জ জেলায় বলে জানা গেছে।
দুর্ঘটনার খবর পেয়ে দেবিদ্বার থানা পুলিশ ও মুরাদনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। তবে ট্রাকটি উল্টে গিয়ে চালকের মরদেহ নিচে আটকে পড়ায় তাৎক্ষণিকভাবে মরদেহ উদ্ধার সম্ভব হয়নি।
শনিবার দিবাগত রাত ১টা পর্যন্ত ট্রাকচালকের মরদেহ ট্রাকের নিচে আটকে ছিল বলে পুলিশ জানিয়েছে। ট্রাক উদ্ধারে রেকার পৌঁছানোর অপেক্ষা করা হচ্ছিল। রেকার আসার পর ট্রাক সরিয়ে মরদেহ উদ্ধার করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মুরাদনগর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. আমজাদ হোসেন বলেন, “আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধারকাজ পরিচালনা করছে। রেকার আসার পর ট্রাক ও ট্রাকের নিচে আটকে থাকা মরদেহ উদ্ধার করা হবে।”
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “খলিলপুর বাজারের পূর্বপাশের ব্রিজে ওঠার সময় চামড়াবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রাকচালক ঘটনাস্থলেই নিহত হন। আহতদের উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে রেকার আসতে বিলম্ব হওয়ায় মরদেহ তাৎক্ষণিকভাবে উদ্ধার করা যায়নি।”
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত