
প্রিন্ট এর তারিখঃ জুন ২৪, ২০২৬, ৮:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২২, ২০২৬, ৩:৪৩ পি.এম
ফুটপাত দখল ও মূল্যতালিকা না রাখার দায়ে জরিমানা

এম.জে.এ মামুন: কুমিল্লার দেবিদ্বার নিউ মার্কেট এলাকায় মূল্যতালিকা প্রদর্শন না করা, ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা এবং জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২২ জুন ২০২৬) সকাল ৯টায় দেবিদ্বার নিউ মার্কেট এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সল উদ্দিন। এ সময় বাজার কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, সঠিক মূল্যতালিকা প্রদর্শন না করা এবং ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা মুদি ব্যবসায়ী বাবুল মিয়া (৫৫)-কে ৩ হাজার টাকা এবং আমিরুল ইসলাম (৩৫)-কে ৩ হাজার টাকা জরিমানা করেন।
এদিকে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সল উদ্দিন মুদি ব্যবসায়ী হরে কৃষ্ণ সাহা, ইসমাঈল কবির (৪৫) এবং খোকন (৩৮)-কে পৃথকভাবে ৫ হাজার টাকা করে জরিমানা করেন।
এ ছাড়া নিউ মার্কেট থেকে উপজেলা পরিষদে যাতায়াতের সড়কে নির্মাণসামগ্রী ফেলে রেখে জনদুর্ভোগ সৃষ্টি করার দায়ে মেজবাহ উদ্দিন খোকন-কে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং দ্রুত নির্মাণসামগ্রী অপসারণের নির্দেশ দেওয়া হয়।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত মোট ২৬ হাজার টাকা জরিমানা আদায় করে। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বাজারে শৃঙ্খলা বজায় রাখা, মূল্যতালিকা প্রদর্শন নিশ্চিত করা এবং জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় এমন কার্যক্রম থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ এবং জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট ও তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত