প্রিন্ট এর তারিখঃ জুন ২৪, ২০২৬, ১:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৪, ২০২৬, ১০:১৪ এ.এম

অপু দাস, রাজশাহী: দেশবিরোধী ষড়যন্ত্র, জনশৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টা, মিথ্যা তথ্য প্রচার এবং রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ডের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে রাজশাহী মহানগর যুবদল। মঙ্গলবার (২৩ জুন) বিকেলে নগরীতে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সংগঠনটির বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশের স্থিতিশীলতা, শান্তি ও গণতান্ত্রিক পরিবেশকে নষ্ট করার উদ্দেশ্যে যেকোনো ধরনের ষড়যন্ত্র ও অপপ্রচার প্রতিহত করতে হবে। তারা দাবি করেন, একটি নিষিদ্ধ সংগঠন বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তি ছড়িয়ে জনমনে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে সচেতন ও সোচ্চার থাকার আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, দেশের স্বার্থবিরোধী যেকোনো অপতৎপরতা মোকাবিলায় রাজনৈতিক কর্মীসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গুজব, মিথ্যাচার এবং উসকানিমূলক প্রচারণা থেকে দূরে থেকে গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।
রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনির সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রবির সঞ্চালনায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি রফিক আহমেদ ডলার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মাহামুদুস সালেহীন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল ওয়াহাব এবং ধর্মবিষয়ক সম্পাদক কামরুজ্জামান নান্নু। তারা তাদের বক্তব্যে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সমাবেশে রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক রকিবুল হক টফি, কামরুজ্জামান মিলন, সালাউদ্দিন বিপ্লব, মাইনুল ইসলাম মিন্টু, সোহেল রানা, নাজির হাসান, আতাউর রহমান বাঁধন এবং আনারুল ইসলাম উপস্থিত ছিলেন।
এছাড়া সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মো. মাসুদুল হক মৃধা মোমিন, ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেল, মজিবুল হক মিলন, সুব্রত রায়, হাসান খান, শ্যামল শেখ, নাফিজ ইমতিয়াজ ড্যানি, সুরাজ আলী, মোহন আলী, আকলেসুর রহমান সাজিম, মো. রবিন হোসেন, হাফিজ বাবুসহ আরও অনেকে।
কর্মসূচিতে মহানগর যুবদলের অধীন আটটি থানার নেতৃবৃন্দ এবং ৪১টি সাংগঠনিক ওয়ার্ডের আহ্বায়ক, সদস্য সচিব ও নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশস্থলে তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে দেশবিরোধী কর্মকাণ্ড ও অপপ্রচারের বিরুদ্ধে তাদের অবস্থান তুলে ধরেন।
সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে বিভিন্ন সড়ক ঘুরে নির্ধারিত স্থানে এসে কর্মসূচি শেষ করেন।
আয়োজকদের মতে, দেশের স্বার্থ, শান্তি ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষার প্রশ্নে তারা ভবিষ্যতেও জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখবেন এবং যেকোনো ধরনের অপপ্রচার ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রচেষ্টার বিরুদ্ধে সোচ্চার থাকবেন।