

নাঈম ইসলাম, কটিয়াদী (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ক্যাম্পেইনের আওতায় উপজেলার ৪৮ হাজার ৩'শত ১৩জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (২৪ জুন) সকালে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেমিনার কক্ষে আয়োজিত সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো: শাহরিয়ার অনিক-এর সভাপতিত্বে ও মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা: ইফতিখারুল ইসলাম ইফতির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আফরোজ মারলিজ।
সভায় জানানো হয়, উপজেলার মোট ২৪৪টি টিকাদান কেন্দ্রে একযোগে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন পরিচালিত হবে। এর আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনের জন্য ব্যাপক জনসচেতনতামূলক প্রচারণা চালানো এবং অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে আসতে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে ক্যাম্পেইনের সুবিধা থেকে কোনো শিশু যাতে বঞ্চিত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সর্বোচ্চ তৎপরতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কটিয়াদী মডেল থানার ওসি (তদন্ত) শ্যামল মিয়া, কটিয়াদী প্রেস ক্লাবের যুগ্ন আহ্বায়ক সাংবাদিক মোবারক হোসেন, স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন এর সভাপতি আবু হানিফা, সাধারন সম্পাদক নাজিরুল ইসলাম প্রমূখ।
স্বাস্থ্য কমপ্লেক্সেোর কর্মকর্তারা জানান, শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সুস্থ বিকাশ নিশ্চিত করতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। তাই জাতীয় এ কর্মসূচি সফল করতে অভিভাবকসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত