
প্রিন্ট এর তারিখঃ জুন ২৫, ২০২৬, ৯:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৫, ২০২৬, ৫:৪১ পি.এম
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ পরিবহনকে জরিমানা

এম.জে.এ মামুন: কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার নিউ মার্কেট এলাকায় রাস্তার মাঝখানে বাস পার্কিং করে যানজট সৃষ্টি করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি পরিবহনকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২৫ জুন-দুপুরে দেবিদ্বার উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল উদ্দিন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিউ মার্কেট এলাকার ব্যস্ততম সড়কে এমএইচ পরিবহন, নিউ এমএইচ পরিবহন ও নিউ সুগন্ধা পরিবহনের কয়েকটি বাস দীর্ঘসময় ধরে যাত্রী ওঠানামার অজুহাতে রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে রাখা হয়। ফলে গুরুত্বপূর্ণ এ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ পথচারী ও যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে।
অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪৭ ধারায় তিনটি পৃথক মামলায় প্রতিটি পরিবহনকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানাকৃত পরিবহনগুলো হলো ১. এমএইচ পরিবহন, ২. নিউ এমএইচ পরিবহন, ৩. নিউ সুগন্ধা পরিবহন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল উদ্দিন বলেন, “জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সড়কের মাঝে যানবাহন পার্কিং করা আইনত দণ্ডনীয় অপরাধ। যানজট নিরসন ও জনভোগান্তি কমাতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। পরিবহন মালিক, চালক ও শ্রমিকদের নির্ধারিত স্থানে বাস পার্কিং ও যাত্রী ওঠানামা করানোর জন্য অনুরোধ জানানো হচ্ছে।”
এদিকে স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও যাত্রীরা ভ্রাম্যমাণ আদালতের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, দীর্ঘদিন ধরে নিউ মার্কেট এলাকায় অবৈধভাবে বাস দাঁড় করিয়ে রাখার কারণে প্রায়ই যানজটের সৃষ্টি হয়। নিয়মিত অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকলে এ এলাকার যানজট অনেকাংশে কমে আসবে এবং সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব হবে।
স্থানীয়দের আশা, মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত