মোঃ আশরাফুল ইসলাম
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার ২নং বালিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তুরুকপথা বাজারের পূর্ব পাশে গভীর রাতে ভেকু গাড়ি দিয়ে নদীর পাড় কেটে মাটি সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (১৬ নভেম্বর) রাত ১টা ১৪ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। সরকারি নদীর পাড়ের মাটি কেটে অন্যত্র সরিয়ে নেওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। একই সঙ্গে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে ভেকু গাড়ি দিয়ে নদীর পাড়ের মাটি কেটে মহেন্দ্র গাড়িতে করে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছিল। এ সময় ভেকু চালকের সঙ্গে কথা বললে তিনি জানান, বেলাল ও মামুন নামে দুই ব্যক্তি তাকে ৫ হাজার টাকা ভাড়ায় মাটি কাটার কাজে নিয়ে এসেছেন। দিনের বেলায় বাজারে অনেক ঝামেলা হওয়ায় রাতের বেলায় মাটি কাটার কথা বলা হয়েছে বলেও দাবি করেন ওই চালক।
অভিযোগ রয়েছে, নদীর পাড়ের মাটি কাটার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো লিখিত অনুমতিপত্র নেই। অনুমতি ছাড়াই কেন গভীর রাতে মাটি কেটে সরানো হচ্ছিল, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এ ঘটনার বিষয়ে ভেকু চালকের বক্তব্যও প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে।
এ বিষয়ে ফরহাদ আলী দাবি করেন, নদীর পাড়সংলগ্ন জমিটি তার নিজস্ব। সেখানে আগে ৫০ শতক জমি থাকলেও বর্তমানে ১২ দশমিক ৫০ শতক রয়েছে। নদীর পাড়ের মাটি সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন। তবে সেই অনুমতির কোনো লিখিত কাগজপত্র রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
অন্যদিকে, ২নং বালিয়া ইউনিয়নের প্রভাবশালী ব্যক্তি মো. আনোয়ার হোসেনের জমি ভরাটের কাজে ওই মাটি নেওয়া হচ্ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ঘটনার বিষয়ে ভূল্লী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেন বলেন, “এত রাতে মাটি কাটার বিষয়টি আগে আমাদের জানালে আমরা প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে ব্যবস্থা নিতে পারতাম।”
ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূরে আলম সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “ইউএনও মহোদয়ের সঙ্গে কথা বলেন। আমাদের পুলিশের গাড়ি মাদক মামলার আসামি ধরতে গেছে। একটু দেরি হবে।”
এদিকে, ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (পুর) মো. আতিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমাদের লোকজন ঘটনাস্থলে পাঠাব। জেলা প্রশাসকের সঙ্গে সমন্বয় করে মাটি চুরি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনাটি ঘিরে জনমনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখা দিয়েছে। নদীর পাড়ের মাটি কাটার অনুমতি কে দিয়েছে? ব্যক্তিগত জমির মালিকানা দাবি করলেই কি সরকারি নদীর পাড়ের মাটি কেটে নেওয়ার বৈধতা পাওয়া যায়? লিখিত অনুমতিপত্র না থাকলে গভীর রাতে মাটি কাটার সাহস পেল কারা? আর প্রশাসনকে আগে থেকে না জানিয়ে রাতের আঁধারে মাটি সরানোর উদ্দেশ্যই বা কী?
স্থানীয়দের দাবি, নদীর পাড় কেটে মাটি সরিয়ে নেওয়ার ঘটনায় দ্রুত তদন্ত করতে হবে। মাটি কাটার বৈধতা যাচাই, জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং সরকারি সম্পদ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে।
এখন দেখার বিষয়, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর ঘটনাস্থলে লোক পাঠানোর আশ্বাস এবং জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের উদ্যোগ কতটা কার্যকর হয়। সরকারি নদীর পাড়ের মাটি কাটার অভিযোগে জড়িতদের বিরুদ্ধে আদৌ ব্যবস্থা নেওয়া হবে, নাকি রাতের আঁধারে মাটি সরানোর ঘটনা তদন্তের মধ্যেই সীমাবদ্ধ থাকবে—সেদিকেই তাকিয়ে স্থানীয়রা।

প্রতিবেদক 


















