বিপ্লব সাহা, খুলনা ঃ
পালিয়ে থাকা ছায়াশক্তি আওয়ামী লীগের দেশজুড়ে ডাকা লকডাউন থাকলেও তার কোন প্রভাব পড়েনি খুলনায় একমাত্র দূরপাল্লার ভারী যানবাহন ছাড়া সবকিছু রয়েছে উন্মুক্ত যথারীতি খুলেছে দোকানপাট শপিং মল জনজীবন রয়েছে স্বাভাবিক।
এদিকে লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে খুলনায় উদ্বেগ ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্কতা তৈরি হয়েছে। কর্মসূচিকে ঘিরে সম্ভাব্য নাশকতা ও সহিংসতার আশঙ্কায় দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
নিরাপত্তার কারণ দেখিয়ে খুলনা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, বরিশাল ও রাজবাড়ীগামী দূরপাল্লার বাস চলাচল স্থগিত করা হয়েছে। ফলে সোনাডাঙ্গা বাস টার্মিনালসহ বিভিন্ন পরিবহন কাউন্টারে এসে অনেক যাত্রীকে ফিরে যেতে হচ্ছে। বিশেষ করে জরুরি প্রয়োজনে যাতায়াত করতে চাওয়া মানুষ পড়েছেন বিপাকে।
এদিকে বুধবার রাতে খুলনা জেলা ও দায়রা জজ আদালত ভবনে একটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে সেটি বিস্ফোরিত হয়নি বলে জানা গেছে। এ ঘটনায় নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
অন্যদিকে, দেশের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও অগ্নিসংযোগের ঘটনার প্রভাব খুলনার পরিবহন ব্যবস্থায়ও পড়েছে। তবে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও খুলনার অভ্যন্তরীণ রুটে লোকাল বাস চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।
এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে খুলনা জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে ৪৫ জনকে গ্রেপ্তার এবং ৫১১টি যানবাহন তল্লাশির তথ্য পাওয়া গেছে।
সব মিলিয়ে আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে ঘিরে খুলনায় জনমনে উদ্বেগ বিরাজ করছে। বিশেষ করে দূরপাল্লার পরিবহন বন্ধ থাকায় সাধারণ মানুষের যাতায়াত ও দৈনন্দিন কার্যক্রমে বিঘ্ন ঘটছে। তবে খুলনা মহানগরীর সব এলাকায় দোকানপাট ও স্বাভাবিক জীবনযাত্রা এখনও পর্যন্ত স্বাভাবিক রয়েছে।

প্রতিবেদক 


















