অপু দাস, রাজশাহী: দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ট্যুরিস্ট (পর্যটন) ভিসার আবেদন গ্রহণ কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। এ সেবা চালু হওয়ার প্রথম কর্মদিবসেই রাজশাহীর ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) প্রাঙ্গণে ভিসাপ্রার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। সোমবার (২৯ জুন) সকাল থেকে নগরীর বর্ণালী মোড়ে অবস্থিত কেন্দ্রটির সামনে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে আবেদনকারীদের অপেক্ষা করতে দেখা যায়।
সকালের শুরু থেকেই বিভিন্ন জেলা ও উপজেলার মানুষ ভিসা আবেদন জমা দিতে কেন্দ্রে আসেন। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকলেও আবেদনকারীদের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা যায়নি। অধিকাংশ ভিসাপ্রার্থী জানান, দীর্ঘদিন পর ট্যুরিস্ট ভিসা চালু হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করছেন। অনেকের ভ্রমণ পরিকল্পনা এতদিন স্থগিত ছিল, যা এখন বাস্তবায়নের সুযোগ তৈরি হয়েছে।
ভিসা আবেদন কেন্দ্রের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেন্দ্রের বাইরে নিরাপত্তাকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। আবেদনকারীদের পর্যায়ক্রমে প্রবেশের সুযোগ দেওয়া হয় এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের পর আবেদন গ্রহণ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পুনরায় ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ শুরু হয়েছে। প্রাথমিকভাবে দেশের পাঁচটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র—ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা ও সিলেটে এই কার্যক্রম চালু রয়েছে। পর্যায়ক্রমে আবেদনকারীদের নির্ধারিত নিয়ম অনুসরণ করে সেবা দেওয়া হচ্ছে।
কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, আবেদন জমা দেওয়ার আগে অবশ্যই অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময় অনুযায়ী আবেদন কেন্দ্রে উপস্থিত হয়ে বৈধ পাসপোর্ট, পূরণকৃত আবেদনপত্র, প্রয়োজনীয় ছবি এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। সব নথিপত্র সঠিক থাকলে আবেদন গ্রহণ করা হচ্ছে।
ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু হওয়ায় চিকিৎসা, ভ্রমণ, আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাৎ এবং বিভিন্ন ব্যক্তিগত প্রয়োজনে ভারতে যেতে আগ্রহীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা অনেক আবেদনকারী প্রথম সুযোগেই আবেদন করতে কেন্দ্রে উপস্থিত হয়েছেন।
সংশ্লিষ্টদের ধারণা, আগামী কয়েকদিনও রাজশাহীর ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে ভিসাপ্রার্থীদের চাপ অব্যাহত থাকবে। তাই আবেদনকারীদের নির্ধারিত সময় মেনে উপস্থিত হওয়া এবং প্রয়োজনীয় সব কাগজপত্র আগে থেকেই প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে আবেদন কার্যক্রম দ্রুত ও নির্বিঘ্নে সম্পন্ন করা সম্ভব হয়।

অপু দাস, রাজশাহী 











