আব্দুল হান্নান শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুরে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশ্যে পোস্টার সাঁটানোর ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে স্থানীয়রা দেখতে পান, উপজেলার বীরগ্রাম, খরনা ও বনানীসহ বেশ কয়েকটি এলাকায় দেয়ালে ও বিভিন্ন স্থানে পোস্টার লাগানো রয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের আঁধারে এসব পোস্টার লাগানো হয়েছে। পোস্টারে লেখা ছিল, “শুভ জন্মদিন প্রাণপ্রিয় সংগঠন Bangladesh Awami Jubo League”।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ফেসবুক পোস্টে দাবি করা হয়, শাজাহানপুর উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আলী ইমাম ইনোকী এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব হোসেন বিপুলের উদ্যোগে এই পোস্টারিং করা হয়েছে। পোস্টে আরও বলা হয়, উপজেলাবাসীকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানাতেই উপজেলাজুড়ে পোস্টার লাগানো হয়েছে।
নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের নামে এভাবে প্রকাশ্যে পোস্টার লাগানোয় স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। তাদের মতে, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম কীভাবে প্রকাশ্যে চলছে, তা খতিয়ে দেখা জরুরি। কারা, কখন ও কোথায় এসব পোস্টার লাগিয়েছে, তা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তারা শাজাহানপুর থানা পুলিশের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন বলেন, “রাতের আঁধারে কে বা কারা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পোস্টার লাগিয়েছে, বিষয়টি আমি শুনেছি। আমরা ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেছি। পাশাপাশি দলীয়ভাবেও আমরা বিষয়টি খোঁজখবর নিয়ে দেখছি।”
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, “রাতের অন্ধকারে পোস্টার লাগানোর বিষয়টি সকালে জানতে পেরেছি। জড়িতদের শনাক্ত করতে পুলিশি তদন্ত চলছে। এ ঘটনায় যারাই জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিবেদক 



















