মোঃশহীদুল ইসলাম সোহাগ,
শরনখোলা (বাগেরহাট) প্রতিবেদক।
দুবলারচরে সাগরে ভেসে যাওয়া ট্যুরিষ্ট মোঃ রিয়াজ আহমেদ (২৬) এর লাশ দুই দিন পরে শনিবার রাত সাড়ে নয়টায় দুবলার আলোরকোলে সাগরতীর থেকে উদ্ধার করা হয়েছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের আলোরকোল ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার রবিউল ইসলাম শনিবার রাত সাড়ে ৯টায় মোবাইল ফোনে জানান,গত দু,দিন ধরে সাগর ও সুন্দরবনের নদী ও খালে তল্লাশী করে রাত সাড়ে ৯টার দিকে আলোরকোলে সাগরতীর থেকে ভাসমান অবস্থায় পর্যটক রিয়াজ আহমেদ এর লাশ উদ্ধার করেন কো্ষ্টগার্ড ও বনরক্ষীরা। নিহত ট্যুরিষ্ট রিয়াজ আহমেদ ময়মনসিংহের ভালুকা পৌরসভার কাঠালী পশ্চিমপাড়া এলাকার আবুল বাষার ঢালীর পুত্র। সে তার ১০ বন্ধুকে নিয়ে সুন্দরবন ভ্রমণের জন্য শুক্রবার সকালে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা ষ্টেশন থেকে পাশ নিয়ে একটি বোটে করে শুক্রবার বেলা ২টার দিকে শরণখোলা রেঞ্জের দুবলার আলোরকোলে এসে পৌছে। আলোরকোল সৈকতে গোসলে নেমে সাগরের স্রোতে রিয়াজ আহমেদ ভেসে যায় বলে এই ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন।
জেলেপল্লী দুবলার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মোঃ খলিলুর রহমান জানান,নিখোঁজ ট্যুরিষ্টের ব্যাগে তার জাতীয় পরিচয়পত্র দেখে তার স্বজনদের খবর দেওয়া হয়েছে। স্বজনরা সুন্দরবনের পথে রওয়ানা হয়েছেন বলে তিনি জানিয়েছেন।
কোষ্টগার্ড পশ্চিমজোন মোংলা এর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ আবুল কাশেম জানান, সাগরে ভেসে যাওয়া ট্যুরিষ্টের লাশ পাওয়া গেছে। কোষ্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন। তারা লাশ উদ্ধারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন এবং আগামীকাল প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানিয়েছেন।#

প্রতিবেদক 



















