আইয়ুব আলী, হোমনা
কুমিল্লার হোমনায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ প্রতিযোগিতায় ফুটবল খেলা চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে জিসান আহমেদ (১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত জিসান আহমেদ হোমনা উপজেলার দড়িকান্দি গ্রামের জয়পুর এলাকার জালাল হোসেনের ছেলে এবং সে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ।
জানা গেছে, সোমবার (৯ নভেম্বর) হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে হোমনা পৌরসভা ও মাথাভাঙ্গা ইউনিয়ন দলের মধ্যকার ফুটবল প্রতিযোগিতা চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে। জিসান হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে তাকে দ্রুত হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হোমনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. সিরাজুল ইসলাম মানিক বলেন, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। তবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে বলে
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাবীন জানান,আমি খবর পেয়ে তাৎক্ষণিক হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে খোঁজ খবর নেই । জিসান ফুটবল খেলার মাঠে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে হোমনা সরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রতিবেদক 



















